তুলার ক্রেতা ও বিক্রেতার দূরত্ব ঘোচানোই মূল লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল কটন সামিট উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন (বাঁ থেকে তৃতীয়) বিটিএমএর সভাপতি তপন চৌধুরী। তাঁর বাঁ পাশে ছিলেন বিসিএ সভাপতি মুহাম্মদ আইউব l প্রথম আলো
গ্লোবাল কটন সামিট উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন (বাঁ থেকে তৃতীয়) বিটিএমএর সভাপতি তপন চৌধুরী। তাঁর বাঁ পাশে ছিলেন বিসিএ সভাপতি মুহাম্মদ আইউব l প্রথম আলো

দেশের সুতাকলগুলোর প্রয়োজনীয় তুলার ৯০ শতাংশের বেশি দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। বিভিন্ন দেশ থেকে এই আমদানির সময় ক্রেতা ও সরবরাহকারীর মধ্যে নিয়ন্ত্রণবহির্ভূত অনেক সমস্যার সৃষ্টি হয়। এতে দুই পক্ষেরই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সম্পর্কের অবনতিও ঘটতে পারে, যা পরে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায়।
এ ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য তুলার ক্রেতা ও বিক্রেতার মধ্যকার দূরত্ব কমানো, তুলার আন্তর্জাতিক দরের গতি-প্রকৃতি জানা এবং সুতার মানোন্নয়নে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে গ্লোবাল কটন সামিট বাংলাদেশ ২০১৫। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) যৌথভাবে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে।
রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে কাল সকালে এ সম্মেলনের উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। সুতাকলের মালিক, উচ্চপদস্থ কর্মকতা ও বিসিএর সদস্য ছাড়াও বিদেশি ব্যবসায়ীরা অংশ নেবেন। ভারত, পোল্যান্ড, আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, মিসর, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ফ্রান্স ও পাকিস্তানের সংশ্লিষ্ট খাতের ২৫০ জনের বেশি প্রতিনিধি এই কটন সামিটে যোগ দেবেন।
রাজধানীর পান্থপথে বিটিএমএ কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি তপন চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন বিসিএ সভাপতি মুহাম্মদ আইউব। এ সময় উপস্থিত ছিলেন বিটিএমএ সহসভাপতি শওকত আজিজ, আব্দুল্লাহ আল মাহমুদ, বিসিএর সাধারণ সম্পাদক মেহেদী আলী প্রমুখ।
তপন চৌধুরী বলেন, ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে সুতা ও কাপড়ের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। আর সে জন্য সুতা তৈরির প্রধান কাঁচামাল তুলার উৎস ও সরবরাহব্যবস্থা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। এই সম্মেলন এ ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে।’
বিটিএমএ সভাপতি জানান, ১৯৭২ সালে দেশে সুতাকলের সংখ্যা ছিল মাত্র ২১টি। এসব কলের স্পিনডেল (টাকু) ছিল ৩ লাখ ৪৪ লাখ ৩৬৭টি। বর্তমানে সুতাকলের সংখ্যা ৪০৭-এ দাঁড়িয়েছে। আর স্পিনডেলের সংখ্যা হয়েছে এক কোটি। উপখাতটির যে আকার, তাতে পূর্ণ উৎপাদনক্ষমতা ব্যবহার করতে হলে বছরে ১ কোটি বেল তুলার প্রয়োজন। তবে বিভিন্ন কারণে এ উৎপাদনক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। তার পরও বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ (অবশ্য বিসিএ সভাপতির দাবি, প্রথম)। গত অর্থবছরে ৫৫ লাখ বেল তুলা আমদানি করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, ‘বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে পরিত্রাণ পেলে ভালো হতো। তবে এই সংকটের মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে। না হলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাব।’