তুলার জন্য নতুন উৎস খোঁজার তাগিদ
বাংলাদেশের বস্ত্র খাতের অপরিহার্য কাঁচামাল তুলা। চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। তবে অল্প কয়েকটি দেশ থেকে আমদানির ওপর নির্ভরতা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।সম্প্রতি ভারত তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেও পরে তা কঠিন শর্তসাপেক্ষে প্রত্যাহার করায় বাংলাদেশি সুতা প্রস্তুতকারকেরা বড় ধরনের এক সংকটে পড়েছেন। ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও নতুন করে রপ্তানির অনুমতি দেয়নি। ফলে যাঁরা নিষেধাজ্ঞার আগে আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, তাঁরাই আপাতত তা আনতে পারবেন।এ রকম অবস্থায় দেশের বস্ত্র খাতের ব্যবসায়ীরা মনে করছেন, যথাযথ উদ্যোগ ও পূর্বপ্রস্তুতি না থাকায় সংকট উত্তরণে বেগ পেতে হবে। তাঁরা বলছেন, সংকট উত্তরণে তুলা আমদানির জন্য এখন নতুন নতুন দেশ খুঁজতে হবে। ভবিষ্যৎ সংকট মোকাবিলায় এখন থেকে দেশের ভেতর তুলার মজুদ গড়ে তোলার ওপরও জোর দিচ্ছেন তাঁরা।১২ মার্চ জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া তথ্যানুযায়ী, দেশের বস্ত্রকলগুলোর জন্য তুলার বার্ষিক চাহিদা ৪০ থেকে ৪২ লাখ বেল। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশে তুলা উৎপাদিত হয়েছে এক লাখ চার হাজার বেল। আর দেশে বর্তমানে তুলার চাষ-উপযোগী জমির পরিমাণ প্রায় আড়াই লাখ হেক্টর।বস্ত্র খাতের চাহিদা মেটাতে তাই ভরসা আমদানি করা তুলা। এর ৩৫ থেকে ৪০ শতাংশই আসে ভারত থেকে। উজবেকিস্তান থেকে আসে আরও ২৫ শতাংশ তুলা।বিশ্বপরিস্থিতি: ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির (আইসিএসি) তথ্যমতে, গত ২০১১-১২ মৌসুমে বিশ্বে দুই কোটি ৬৭ লাখ টন তুলা উৎপাদিত হয়েছে, যা আগের মৌসুমের চেয়ে ৭ শতাংশ বেশি। ওই সময়ে বিশ্বের মিলগুলোর মোট তুলার চাহিদা ১ শতাংশ বেড়ে হয়েছিল দুই কোটি ৪৩ লাখ টন। অর্থাৎ গত মৌসুমে ২৪ লাখ টন তুলা উদ্বৃত্ত থাকতে পারে।আইসিএসি বলছে, আন্তর্জাতিক মূল্য স্থিতিশীল থাকায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চীন বিপুল পরিমাণ তুলা বহির্বিশ্ব থেকে আমদানি করবে এবং মজুদ করবে। সেই হিসাবে চীন ২০১১-১২ মৌসুমে ৩২ লাখ টন তুলা আমদানি করবে। এর মধ্যে ১০ লাখ টন আবার ভবিষ্যতের জন্য মজুদ করবে। তা ছাড়া দেশটির সরকার তাদের মূল্যনীতির কারণে বিপুল পরিমাণ স্থানীয় তুলা গত অক্টোবর ও নভেম্বরে কিনেছে। এর মধ্যে ১৫ লাখ টন তুলা পরবর্তী মৌসুমের জন্য মজুদ করবে। সেই হিসাবে তাদের মোট মজুদ দাঁড়াবে ২৫ লাখ টন।ইতিমধ্যে ২০১২-১৩ মৌসুমের তুলা উৎপাদন শুরু হয়েছে। তবে তিন বছর ধরে আন্তর্জাতিক বাজারে তুলার অব্যাহত দরপতনের কারণে চলতি মৌসুমে উৎপাদন কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আইসিএসি। সংস্থাটি বলছে, এবার দুই কোটি পাঁচ লাখ টন তুলা উৎপাদিত হতে পারে, যা আগের বছরের চেয়ে প্রায় ৭ শতাংশ কম।আইসিএসির পূর্বাভাস অনুযায়ী, চীন, ভারত, পাকিস্তান, ব্রাজিল ও তুরস্কে এবার তুলার উৎপাদন কম হবে। আর যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, অস্ট্রেলিয়ায় ও ফ্রেঞ্চ বেল্ট অব আফ্রিকা-খ্যাত দেশগুলোতে উৎপাদন বাড়বে। আর কল-কারখানার সংখ্যা ও চাহিদা বাড়ায় এবার বিশ্বব্যাপী তুলার চাহিদা দাঁড়াবে দুই কোটি পাঁচ লাখ টন। সেই হিসাবে বিভিন্ন দেশের আমদানি-চাহিদা ১০ শতাংশ বেড়ে হবে ৮৪ লাখ টন। এর মধ্যে শুধু চীনই আমদানি করবে ৩৬ লাখ টন।চীন নিজের মজুদ বাড়াতে ইতিমধ্যে আগ্রাসীভাবে আমদানি শুরু করছে। ভারত যে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার অন্যতম কারণ, চীনের এই বিপুল আমদানি। এমন অবস্থায় জটিল পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকেই বাংলাদেশে তুলার মজুদ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন আমদানিকারকেরা।বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশেও সময় এসেছে চীনের মতো তুলার আগাম মজুদ গড়ে তোলার। যেহেতু দেশে পর্যাপ্ত পরিমাণে তুলা উৎপাদিত হয় না, পুরোটাই আমদানিনির্ভর, তাই আমাদের মজুদের দিকে যেতেই হবে। নইলে ভারত বারবার তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে, আমাদেরও বারবার এ বিষয়ে ভুগতে হবে।’খুঁজতে হবে নতুন উৎস: তুলা আমদানির জন্য বাংলাদেশের বড় বাজার ভারত ও উজবেকিস্তান। বিশেষ করে দ্রুততম সময়ে আমদানি করা সম্ভব হয় বলে বেশি পছন্দ ভারত। তবে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে পাল্টে গেছে হিসাব-নিকাশ। আমদানিকারকেরা এখন নতুন উৎস খুঁজতে চাইছেন। নতুন দেশ থেকে আমদানি করলে ভারতের চেয়ে ব্যয় কত বেশি হবে, তুলা দেশে পৌঁছাতে সময় কেমন লাগবে সেসব বিষয় এখন খতিয়ে দেখছেন তাঁরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভারত ও উজবেকিস্তানের পাশাপাশি তুলা আমদানিকারকদের পছন্দ মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান ও তাজাকিস্তান। সেখানকার তুলার মানও ভালো। এ ছাড়া আফ্রিকার উগান্ডা, মালে, ঘানা, আইভরি কোস্টেও প্রচুর তুলা উৎপাদিত হচ্ছে। এসব দেশ থেকেও তুলা আমদানির সম্ভাবনা খতিয়ে দেখছেন আমদানিকারকেরা।একটি সূত্র জানিয়েছে, তুলা আমদানির নতুন উৎস দেশ খুঁজতে আগামী মাসের প্রথম সপ্তাহে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফরের কথা রয়েছে।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘দেশে সুতার বাজার প্রায় ৭০০ কোটি ডলারের। তৈরি পোশাক খাতের ১৮ বিলিয়ন ডলারের মধ্যে আমাদের নিজস্ব মূল্য সংযোজন মাত্র ২০ শতাংশ, যার একটি বিরাট অংশের অবদান পশ্চাৎমুখী শিল্প কারখানার।’ তিনি আরও বলেন, এসব কারণে তুলা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকেই বড় ভূমিকা নিতে হবে।