তুলার নিরাপত্তা নিশ্চিত করার সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সমপ্রতি তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তা আবার প্রত্যাহার করলেও নতুন রপ্তানির সুযোগ এখনো দেয়নি। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওপর প্রভাব ও করণীয় নিয়ে প্রথম আলোর সঙ্গে আলাপ করেছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইউবপ্রথম আলো: ভারত তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তা প্রত্যাহার করলেও এখনো নতুন করে রপ্তানির সুযোগ দেয়নি। বিষয়টি কীভাবে দেখছেন?মুহাম্মদ আইউব: ভারত আগেও এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এবারের নিষেধাজ্ঞাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত। কারণ, চলতি মৌসুমে বৈশ্বিক চাহিদার চেয়ে অনেক বেশি তুলা উৎপাদিত হয়েছে। দামও আগের বছরের চেয়ে কম। আর এ সুযোগে কয়েকটি দেশের ব্যবসায়ীরা নামে-বেনামে তুলা আমদানির জন্য ভারতে নিবন্ধন করেছেন; বিশেষ করে চীন বিপুল পরিমাণ তুলা মজুদ শুরু করেছে। এতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ভারত শঙ্কিত হয়ে পড়ে। নিজের দেশের শিল্প বাঁচাতে শেষ পর্যন্ত তারা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ভারত থেকে রপ্তানির জন্য নিবন্ধিত তুলার ২৫ শতাংশও আমদানি সম্পন্ন করেননি ব্যবসায়ীরা।প্রথম আলো: ভারতের এমন হুটহাট সিদ্ধান্তে বাংলাদেশের শিল্পকারখানায় কি প্রভাব পড়তে পারে?মুহাম্মদ আইউব: অবশ্যই কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের অধিকাংশ কারখানার মালিকের বড় পুঁজি নেই। অনেক ক্ষেত্রেই তাঁরা ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তুলা আমদানি করেন। এরপর তা দিয়ে সুতা তৈরি করেন। পার্শ্ববর্তী দেশ হওয়ায় ঋণপত্র খোলার ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ভারত থেকে তুলা আমদানি করা সম্ভব। এমনকি বেনাপোলের গুদামে যেসব তুলা মজুদ থাকে, সেগুলো এক দিনের মধ্যেও অনেক সময় চলে আসে। এ ক্ষেত্রে পণ্যের মূল্য ও পরিবহন খরচ দুটোই কম পড়ে। এখন হঠাৎ এই উৎস বন্ধ হওয়ায় তাঁরা বড় ধরনের বিপাকে পড়েছেন। অনেক ক্ষেত্রেই সময়মতো সুতা সরবরাহ করা যাবে না। এটা স্বাভাবিকভাবেই বস্ত্র খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।প্রথম আলো: বর্তমানের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী?মুহাম্মদ আইউব: ২০০৫ সালেও আমাদের চাহিদার ৬০ শতাংশ তুলা আমদানি হতো উজবেকিস্তান থেকে। ঋণের সুদহার বেড়ে যাওয়া, কম সময়ে পণ্য পাওয়াসহ বেশ কিছু কারণে ২০০৭ সাল থেকে এই জায়গা দখল করে নেয় ভারত। বর্তমানে দেশের চাহিদার ৩৫ থেকে ৪০ শতাংশ তুলা ভারত থেকে আসে। বাংলাদেশ তুলার জন্য ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় সুযোগও নেন সেখানকার ব্যবসায়ীরা। গত বছর সরকারের হস্তক্ষেপের কথা বলে ভারতের ব্যবসায়ীরা রপ্তানির জন্য নিবন্ধিত তুলা প্রথমে এ দেশের ব্যবসায়ীদের দেননি। পরে একই পরিমাণ তুলা আগের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। সে যা-ই হোক না কেন, তুলা আমাদের খুব প্রয়োজন। সেদিক থেকে তুলা এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও পরিণত হয়েছে। বলা যায়, তুলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের শিল্পকারখানা, বিশেষত বস্ত্র ও তৈরি পোশাক খাতকে টিকিয়ে রাখতে স্বল্পতম সময়ে প্রতিযোগিতামূলক দামে তুলা আনতে নতুন উৎস খুঁজে বের করতে হবে। একাধিক বিকল্প দেশ থাকলে ভালো হয়। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তি করা প্রয়োজন যেন আকস্মিক কোনো সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব না পড়ে। ভবিষ্যতের জন্য তুলার মজুদ গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে। প্রথম আলো: সরকার কী কী ব্যবস্থা নিতে পারে? মুহাম্মদ আইউব: দেশের বস্ত্র ও পোশাক খাতে কোটি কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রাও আসে এ খাত থেকে। এ খাত থেকেই বিরাট কর্মসংস্থান হচ্ছে। সে তুলনায় এ খাতে প্রণোদনা ও নীতি-সমর্থন যথেষ্ট নয়। দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থেই সরকারকে এ খাতে আরও মনোযোগী হতে হবে। তৈরি পোশাক ও নিট পোশাক খাতের আজকে যে বিরাট সমপ্রসারণ, তার পেছনে দেশি বস্ত্র ও সুতা উৎপাদনের বড় অবদান আছে। আর এ সুতা উৎপাদনের জন্য তুলা হলো অপরিহার্য। সুতরাং, শিল্প খাতের এই পারস্পরিক নির্ভরতাটা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতি-সহায়তা দিতে হবে।[সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার]