তুলায় ভারতনির্ভরতা কমাতে চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ। গত বছর ৬১ লাখ বেল তুলা আমদানি হয় দেশে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারত থেকে এসেছে। তবে একক দেশের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা তুলার সরবরাহব্যবস্থার জন্য ভালো নয়। তাই সুতা তৈরির কাঁচামাল এই তুলার অন্যান্য উৎপাদক দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা।

তুলা উৎপাদক দেশের সঙ্গে দূরত্ব ঘোচানো ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি তুলা ক্রয়-বিক্রয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে ঢাকায় তৃতীয়বারের মতো গ্লোবাল কটন সামিট আয়োজন করেছে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। র‍্যাডিসন হোটেলে কাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সামিটের উদ্বোধন করবেন।

সামিট উপলক্ষে ঢাকার বিটিএমএ কার্যালয়ে গতকাল বুধবার একটি সংবাদ সম্মেলন করে আয়োজকেরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিটিএমএর সহসভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, ‘তুলা কৃষিজাত পণ্য হওয়ায় আন্তর্জাতিক বাজারে তুলার মূল্য ওঠানামা করে। তা ছাড়া বিভিন্ন অনৈতিক কার্যকলাপের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এসব সমস্যার সমাধানে উৎপাদক দেশের ব্যবসায়ীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। সে জন্যই কটন সামিটের আয়োজন করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সামিটে বাংলাদেশ, ভারত, সুদান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালি, বুরকিনাফাসো, চাদ, তুরস্ক, ইরান ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত কটন সামিটে অংশ নেবেন।

বিসিএর মহাসচিব মেহেদী আলী বলেন, একটি দেশের ওপর নির্ভর না থেকে দু-তিনটি দেশ থেকে তুলা আমদানি করলে পুরো সরবরাহব্যবস্থা শক্তিশালী ও নিরাপদ হয়। কটন সামিটের মাধ্যমে এ বিষয়ে উন্নতি হবে। তিনি জানান, দেশে তুলার উৎপাদন বাড়ছে। কয়েক বছর আগেও দেশে তুলা উৎপাদিত হতো ৬০ হাজার বেল। এখন হচ্ছে ১ লাখ ৮০ হাজার বেল। ২০২৫ সালের মধ্যে ১০ লাখ বেল তুলা উৎপাদনের স্বপ্ন দেখছি আমরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক মোশাররফ হোসেন ও ইলিয়াস সিরাজী, বিসিএর যুগ্ম মহাসচিব মতিন সরকার।