তৃণমূল নারী উদ্যোক্তারা বাণিজ্য মেলায় বিনা মূল্যে প্যাভিলিয়ন চান
দেশের তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা বাণিজ্য মেলায় তাঁদের জন্য বিনা মূল্যে বিনা জামানতে একটি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে গতকাল প্রথম ‘তৃণমূল নারী উদ্যোক্তা সম্মেলন-২০১২’-তে এ দাবি জানান তাঁরা। অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনিউরস বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী ইসলাম।সম্মেলনে বলা হয়, তৃণমূল নারী উদ্যোক্তারা ব্যবসায়িক জ্ঞানের অভাবে পিছিয়ে রয়েছেন। ব্যাংক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমস্যা। ঋণসুবিধা পাওয়ার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি আরও একটি বাধা।