তৃণমূল পর্যায়ে শিগগির ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিগগিরই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করতে যাচ্ছে।
সারা দেশে ভোক্তা স্বার্থ রক্ষা করাটা এই অধিদপ্তরের দায়িত্ব হলেও নানা বিধিবিধানের গ্যাঁড়াকলে পড়ে সংস্থাটির কার্যক্রম এত দিন রাজধানী ও কয়েকটি বিভাগীয় শহরেই সীমাবদ্ধ ছিল। বিশেষ করে প্রবিধানমালা না থাকায় এত দিন তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করতে পারছিল না অধিদপ্তর। সম্প্রতি ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রবিধানমালা গেজেট আকারে প্রকাশিত হওয়ায় কমিটি গঠনের পরিবেশ তৈরি হয়েছে। ফলে এখন থেকে তৃণমূল পর্যায়েই সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন ৫০০ উপজেলা আর চার হাজার ৪৯৮টি ইউনিয়ন রয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘আগামী এক-দেড় মাসের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হবে। আশা করি, ভোক্তাদের স্বার্থ আগের চেয়ে বেশি সংরক্ষিত হবে।’
২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। আর ২০১০ সালের ৬ এপ্রিল বাজার অভিযান পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইন বাস্তবায়নের কাজ শুরু করে সংস্থাটি।
এই আইনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করার কথা বলা আছে। ইতিমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ গঠন করা হয়েছে; যেটির চেয়ারম্যান হলেন বাণিজ্যমন্ত্রী। এ ছাড়া অধিদপ্তর ৬৪টি জেলায় ভোক্তা অধিকার কমিটি গঠন করেছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গত বছরের নভেম্বরে জাতীয় ভোক্তা অধিকার পরিষদের সভায় এ-সংক্রান্ত প্রবিধান তৈরির বিষয়টি অনুমোদন করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিষদের নবম সভায় এ প্রবিধানের খসড়া তৈরি করা হয়। এ খসড়া বাণিজ্য মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ঘুরে আসার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ সরকারের অনুমতি নিয়ে গত ১৮ জুলাই প্রবিধান জারি করে।
প্রবিধান অনুযায়ী, ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি হবে আড়াই বছরের জন্য। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সরকারি কিংবা বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনোনীত দুজন কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা এ কমিটিতে থাকবেন। অধিদপ্তর যেকোনো সময় যে কারও সদস্যপদ বাতিল করার ক্ষমতা রাখে।
আর ইউনিয়ন ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি হবে ১০ সদস্যের।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ীই এসব কমিটি কাজ করবে। কমিটিগুলোর কাজ হবে—ভোক্তা অধিকার বিষয়ে নাগরিকদের সচেতন করতে প্রয়োজনীয় প্রচার চালানো, সভা-সেমিনার-কর্মশালা আয়োজন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক ও পর্যবেক্ষণ করা।