তৃতীয় প্রান্তিকে কমেছে শিল্প খাতের মেয়াদি ঋণ
নানা টানাপোড়েন সত্ত্বেও বিদায়ী ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে শিল্প খাতে মেয়াদি শিল্পঋণ বিতরণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে এসে শিল্পঋণের প্রবাহ কিছুটা কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় যে বিদায়ী অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে ৩২ হাজার ১৫ কোটি টাকার মেয়াদি শিল্পঋণ বিতরণ করা হয়েছে। আর গত ২০১১-১২ অর্থবছরের একই সময়ে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৫৯ কোটি টাকা ৮৯ লাখ টাকা। অর্থাৎ শিল্পঋণ বিতরণ বেড়েছে প্রায় ২৮ শতাংশ।তবে ২০১২-১৩ অর্থবছরের তিন প্রান্তিকের শিল্পঋণ বিতরণের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে শিল্পঋণ বিতরণ বৃদ্ধি পেলেও তৃতীয় প্রান্তিকে তা আবার কমে গেছে।প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নয় হাজার ৭২০ কোটি টাকার শিল্পঋণ বিতরণ করার পর দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা ব্যাপকভাবে বেড়ে হয় ১২ হাজার ২৩৪ কোটি টাকা। কিন্তু তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শিল্পঋণ বিতরণ কমে হয় ১০ হাজার ৬১ কোটি টাকা।শিল্পঋণের এই প্রবণতা থেকে প্রতীয়মান হয় যে শিল্প খাতের কর্মকাণ্ড শ্লথ হয়ে যাওয়ার পাশাপাশি চাহিদা কমে যাওয়ায় ঋণ বিতরণ কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।আবার নতুন বিনিয়োগ তেমন না বাড়লেও বিদ্যমান বিনিয়োগ ও উৎপাদন ধরে রাখার জন্য অর্থায়ন করতে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের ঋণ নিতে হয়েছে। মেয়াদি শিল্পঋণের বড় অংশই এ জন্য বিতরণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে বকেয়া শিল্পঋণ আদায়ের পরিমাণ আলোচ্য সময়ে উল্লেখযোগ্য হারে কমেছে। আলোচ্য অর্থবছরের প্রথম নয় মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২৬ হাজার ১২৭ কোটি ৯০ লাখ টাকার বকেয়া ঋণ আদায় করেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে আদায় করা অর্থের পরিমাণ ছিল ৩২ হাজার ১৫ কোটি টাকা। সে হিসাবে ঋণ আদায় কমেছে ১৮ শতাংশ।