তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহক বেড়েছে ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে কথা বলেন রবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবির ১০ লাখ গ্রাহক বাড়লেও রাজস্ব কমেছে ১ শতাংশ। ছবি: বিজ্ঞপ্তি
সংবাদ সম্মেলনে কথা বলেন রবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবির ১০ লাখ গ্রাহক বাড়লেও রাজস্ব কমেছে ১ শতাংশ। ছবি: বিজ্ঞপ্তি

মোবাইল ফোন অপারেটর রবির চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১০ লাখ গ্রাহক বেড়েছে। তবে একই সময়ে রাজস্ব কমেছে ১ শতাংশ। রবি রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে, প্রধান অর্থ কর্মকর্তা ইয়াপ ইউ ইপ, প্রধান করপোরেট ও মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে মোট ২৬ লাখ গ্রাহক রবির সঙ্গে যুক্ত হয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫০ লাখে। গ্রাহক সংখ্যার ভিত্তিতে বাজারের ২১ শতাংশ এখন রবির দখলে। চলতি বছরের জুন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ছিল দুই কোটি ৪০ লাখ। গ্রাহক বাড়ার কারণ সম্পর্কে রবি বলছে, গ্রাহকবান্ধব পণ্যসেবা ও মানসম্মত ইন্টারনেটের কারণে গ্রাহক বেড়েছে।

এ দিকে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব আয় হয়েছে এক হাজার ২১০ কোটি টাকা, যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১ শতাংশ কম। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল এক হাজার ২৩০ কোটি টাকা। ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব আয় ছিল এক হাজার ১৭০ কোটি টাকা, যা চলতি বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ বেশি।

রাজস্ব কমার কারণ হিসেবে রবির সিইও সুপুন বীরাসিংহে বলেন, ‘বাজারে দাম নিয়ে প্রতিযোগিতার কারণে ভয়েস কল থেকে রাজস্বের গতি ধীর হয়ে গেছে। এ ছাড়া গ্রাহকের টক টাইমের বাড়তি সারচার্জ আরোপের কারণে রাজস্ব প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।’

রবি থ্রিজি ও টুজি নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে আরও জানানো হয়, নেটওয়ার্ক উন্নয়নে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট এক হাজার ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি, কেবল তৃতীয় প্রান্তিকে এ বিনিয়োগের পরিমাণ ছিল ৪৫০ কোটি টাকা। রবি ইতিমধ্যেই দেশের ৬৪টি জেলায় তাদের থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করেছে।

চলতি বছরের নয় মাসে সরকারের কোষাগারে রবি জমা দিয়েছে এক হাজার ৬৫০ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয়ের ৪৫ দশমিক ৯ শতাংশ।
২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে আয়করের ওপর মুনাফার পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা, গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ১৪২ কোটি টাকা। মুনাফা কমার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে জানানো হয়, থ্রিজি সম্প্রসারণে বিনিয়োগ, নিবন্ধন ফি ও ঋণ পরিশোধের হার বাড়ার কারণে প্রাথমিকভাবে মুনাফা কমেছে।