তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা হয়েছে ৫৬৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর সময়কালে) গ্রামীণফোন (জিপি) ৫৬৩ কোটি টাকা করপরবর্তী মুনাফা অর্জন করেছে। আর এ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪.১৭ টাকা। ২০১০-এর একই সময় শেয়ারপ্রতি আয় ছিল ২.১৫ টাকা। এ ছাড়া ২০১১ সালের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৯.১৮ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৫.৭৩ টাকা।গতকাল শনিবার জিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জিপি দুই হাজার ২৮৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪৯ কোটি টাকা বা ১৮ শতাংশ বেশি। আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন সময়কাল) তুলনায় গ্রামীণফোন নয় কোটি পাঁচ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিরাশাব্যঞ্জক নিয়ন্ত্রণ পরিবেশ সত্ত্বেও গ্রামীণফোন তার ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারা আরও উন্নত করতে পেরেছে।টোরে জনসন আরও জানান, ধারাবাহিক গ্রাহকসংখ্যা বৃদ্ধিসহ ডেটা, রোমিং ও হোলসেল বিজনেস এই ভালো আয়ের কারণে। বর্তমানে জিপির মোট গ্রাহকসংখ্যা তিন কোটি ৫২ লাখ এবং মার্কেট শেয়ার প্রায় ৪৪ শতাংশ।জিপি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে কর, ভ্যাট ও শুল্ক হিসাবে জমা দিয়েছে এক হাজার ৩০৮ কোটি টাকা। ফলে প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ১৫৩ কোটি টাকা।