তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহক বেড়েছে ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে মোবাইল ফোন অপারেটর রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে মোবাইল ফোন অপারেটর রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

মোবাইল ফোন অপারেটর রবির চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১০ লাখ গ্রাহক বেড়েছে। তবে একই সময়ে আয় কমেছে ১ শতাংশ।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার রবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে, প্রধান আর্থিক কর্মকর্তা ইয়াপ ইউ ইপ, প্রধান করপোরেট ও মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।
এতে জানানো হয়, ২০১৪ সালের মোট ২৬ লাখ গ্রাহক রবির সঙ্গে যুক্ত হয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫০ লাখ। গ্রাহকসংখ্যার ভিত্তিতে বাজারের ২১ শতাংশ এখন রবির দখলে। চলতি বছরের জুন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ছিল দুই কোটি ৪০ লাখ। গ্রাহক বাড়ার কারণ সম্পর্কে রবি বলছে, গ্রাহকবান্ধব পণ্যসেবা ও মানসম্মত ইন্টারনেটের কারণে গ্রাহক বেড়েছে।
তৃতীয় প্রান্তিকে রবির আয় হয়েছে এক হাজার ২১০ কোটি টাকা, যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১ শতাংশ কম। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল এক হাজার ২৩০ কোটি টাকা। আয় কমার কারণ হিসেবে রবির সিইও সুপুন বীরাসিংহে বলেন, ‘বাজারে দাম নিয়ে প্রতিযোগিতার কারণে ভয়েস কল থেকে আয়ের গতি ধীর হয়ে গেছে। এ ছাড়া গ্রাহকের টক টাইমের ওপর বাড়তি সারচার্জ আরোপের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে।’
থ্রিজি ও টুজি নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে রবি। নেটওয়ার্ক উন্নয়নে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট এক হাজার ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। শুধু তৃতীয় প্রান্তিকে এ বিনিয়োগের পরিমাণ ছিল ৪৫০ কোটি টাকা। রবি ইতিমধ্যেই দেশের ৬৪টি জেলায় তাদের থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করেছে।
চলতি বছরের নয় মাসে সরকারের কোষাগারে রবি জমা দিয়েছে এক হাজার ৬৫০ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের ৪৫ দশমিক ৯ শতাংশ।
২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে আয়করের পর মুনাফার পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা, গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ১৪২ কোটি টাকা। মুনাফা কমার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে জানানো হয়, থ্রিজি সম্প্রসারণে বিনিয়োগ, লাইসেন্স ফি ও ঋণ পরিশোধের হার বাড়ার কারণে প্রাথমিকভাবে মুনাফা কমেছে।