তৃতীয় প্রান্তিকে রাজস্ব কমেছে গ্রামীণফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে (বঁা থেকে) অ্যালান বঙ্কে, বিবেক সুদ ও দিলীপ পাল
গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে (বঁা থেকে) অ্যালান বঙ্কে, বিবেক সুদ ও দিলীপ পাল

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
এই প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব আয় হয়েছে দুই হাজার ৫৬৪ কোটি টাকা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এ রাজস্বের পরিমাণ ছিল দুই হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে রাজস্ব কমেছে ৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ২ দশমিক ৪ ভাগ।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ এ প্রসঙ্গে বলেন, ফুটবল বিশ্বকাপ, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক আন্তসংযোগ আয় কমায় এ প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধি কিছুটা ব্যাহত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিলীপ পাল, প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) অ্যালান বঙ্কে প্রমুখ।
প্রান্তিক অনুযায়ী কমলেও সার্বিকভাবে চলতি বছরে গ্রামীণফোনের রাজস্ব বেড়েছে। ২০১৪ সালের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে সাত হাজার ৬৭৪ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ের পরিমাণ ছিল পাঁচ হাজার ১১০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের প্রথম নয় মাসের তুলনায় প্রতিষ্ঠানটির এ বছর রাজস্ব খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। নিজস্ব মুঠোফোন বিক্রি ও অন্যান্য সেবা থেকে আয় বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ।
নতুন করে চলতি বছরে ৪২ লাখ ৫০ হাজার গ্রাহক গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ। চলতি বছরের জুন পর্যন্ত গ্রাহকসংখ্যা ছিল চার কোটি ৯২ লাখ। গ্রাহকসংখ্যার ভিত্তিতে গ্রামীণফোনের দখলে এখন বাজারের ৪২ দশমিক ৪ শতাংশ।
আয়কর প্রদানের পর ২০১৩-এর প্রথম নয় মাসের শতকরা ১৪ দশমিক ৮১ মার্জিনসহ এক হাজার ৭১ কোটি টাকার মুনাফার তুলনায় ২০১৪-এর একই সময়ে নিট মুনাফা হয়েছে শতকরা ২০ দশমিক ৭৫ ভাগ মার্জিনসহ এক হাজার ৫৯২ কোটি টাকা। আলোচ্য সময়ে নেটওয়ার্কের উন্নয়ন ও আওতা বাড়াতে মোট ৯৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রামীণফোন।
২০১৪-এর প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৯ পয়সায়, ২০১৩-এর একই সময়ে সেটি ছিল ৭ টাকা ৯৩ পয়সায়।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও এ বছর উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে গ্রামীণফোনের। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ, যা মোট গ্রাহকসংখ্যার ২০ শতাংশ। এ বছরের এপ্রিলেও ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৭৬ লাখ ১০ হাজার। সে হিসাবে পাঁচ মাসেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২৬ লাখ।