তৃতীয় প্রান্তিকে শিল্পঋণ বিতরণ কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০১২) দেশে মেয়াদি শিল্পঋণ বিতরণ আগের প্রান্তিকের চেয়ে কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়কালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাত হাজার ৭৫৪ কোটি ৬১ লাখ টাকার মেয়াদি শিল্পঋণ বিতরণ করেছে। আগের প্রান্তিকে (সেপ্টেম্বর-ডিসেম্বর, ২০১১) বিতরণকৃত শিল্পঋণের পরিমাণ ছিল নয় হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা।অর্থাৎ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে মেয়াদি শিল্পঋণপ্রবাহ কমেছে প্রায় সাড়ে ২১ শতাংশ। সম্প্রতি সময়ে শিল্প খাতে যে মন্দাবস্থা দেখা দিয়েছে এবং মন্দার ফলে চাহিদাও যে কিছুটা সংকুচিত হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে শিল্পঋণপ্রবাহ কমে যাওয়ায়।মেট্রোপলিটান চেম্বার সম্প্রতি তৃতীয় প্রান্তিকে অর্থনীতির যে পর্যালোচনা প্রকাশ করেছে, তাতেও এই অভিমত প্রকাশ করা হয়েছে। এমসিসিআইর প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পঋণের বিতরণ কমে যাওয়া, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ব্যাপকভাবে কমে যাওয়া, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাস পাওয়া এবং গ্যাস-বিদ্যুতের সরবরাহ সংকটে শিল্প খাতের পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে।আবার পরিসংখ্যান ব্যুরোর মধ্য ও দীর্ঘমেয়াদি শিল্পোৎপাদন সূচক থেকে দেখা যায়, অর্থবছরের প্রথম সাত মাসে শিল্পোৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। অন্যদিকে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ক্ষুদ্র শিল্পের উৎপাদন প্রবৃদ্ধি কমেছে সাড়ে ৪ শতাংশ। এ প্রসঙ্গে মেট্রো চেম্বার বলছে, তহবিল ব্যয় বেড়ে যাওয়া ও গ্যাস-বিদ্যুতের সরবরাহজনিত সংকটে ছোট শিল্পোৎপাদন আক্রান্ত হয়েছে।ব্যবসায়ী নেতারা সম্প্রতি একাধিক প্রাকবাজেট আলোচনায় বলেছেন যে জ্বালানি সংকট ও সুদের হার বেড়ে যাওয়ায় অনেকেই আর নতুন করে বিনিয়োগে যেতে পারছেন না। এর মানে হলো ঋণের চাহিদাও কিছুটা হ্রাস পেয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক যে সম্প্রতিকালে মুদ্রানীতি নিয়ন্ত্রণমূলক করে ঋণ প্রবাহে রাশ টানতে চেষ্টা করেছে, তারও কিছুটা প্রভাব পড়েছে শিল্পঋণ বিতরণের ওপর। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বকেয়া শিল্পঋণ আদায়ও কিছুটা কমেছে। জানুয়ারি-মার্চ সময়কালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাত হাজার ১৭৬ কোটি টাকার বকেয়া শিল্পঋণ আদায় করেছে। এর ফলে টানা তিন প্রান্তিক পরে শিল্প ঋণ আদায় কিছুটা হ্রাস পেল।