তেল আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তি চূড়ান্ত
চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বর্তমান বাজার মূল্যের চেয়ে কমমূল্যে পরিশোধিত জ্বালানি তেল পেতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিশ্বের ১৩টি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি আমদানি চুক্তি চূড়ান্ত করেছে। সিঙ্গাপুরে ২৯ দশমিক ৯৫ ডলারের তুলনায় মানসম্পন্ন ১৮০ সেন্টিস্টোক (সিএসটি) তেলের সরবরাহ মূল্য হবে টন প্রতি ২৪ ডলার। বাসসের খবরে আজ শুক্রবার এ কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, প্রথমবারের জন্য চায়না সিনহুয়া ওয়েল কোম্পানি ও ওমান ট্রেডিং বাংলাদেশে তেল সরবরাহকারী হিসেবে তালিকায় যুক্ত হয়েছে। অপর সরবরাহকারী হলো কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি), মালয়েশিয়ার পেট্রোনাস, এ্যামিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানি (ইএনওসি) ফিলিপাইন ন্যাশনাল ওয়েল কোম্পানি, ভিয়েতনাম পেট্রোলিয়াম, ইন্দোনেশিয়ার বুমি সিকা পুসাকো, পেট্রো চায়না, মালদ্বীপ ন্যাশনাল ওয়েল কোম্পানি ও ইউনিপেস টাকিস পেট্রোলিয়াম ও ব্রুনেই পেট্রোলিয়াম।
বিপিসি জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য গ্যাসোলিন ২৫০০ পার্টসপার-মিলিয়ন (পিপিএম) সালফার আমদানির জন্য মধ্যপ্রাচ্যের দরের চেয়ে ব্যারেল প্রতি ৪ দশমিক ৪৯ ডলার বেশিতে চুক্তি করেছে।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভারতের নুমালিগরাহ রিফাইনারির থেকে গ্যাসোলিন আমদানির জন্য বাংলাদেশ আলোচনা করেছে।
বাংলাদেশ বছরে ৩ থেকে ৩ দশমিক ৩ মিলিয়ন টন গ্যাসোলিন এবং ৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করে। দেশের ইস্টার্ন রিফাইনারি প্রায় ৩ লাখ ৫০ হাজার টন গ্যাসোলিন সরবরাহ করে।