আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল আমদানি খরচ মাসে ২৩৭ কোটি টাকা বেড়ে গেছে।তবে বাড়তি দামে কেনা তেল আগের নির্ধারিত দরে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন প্রতি মাসে অন্তত ২০০ কোটি টাকা লোকসান দিচ্ছে।অন্যদিকে প্রক্রিয়াগত কারণে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবির) ৯০ কোটি ডলার গুচ্ছঋণ পাওয়াও বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।এদিকে আগামী মাসের (ফেব্রুয়ারি) প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানির টাকার জন্য বিপিসির কর্মকর্তাদের উত্কণ্ঠা বেড়েছে। কারণ, ক্রমাগত লোকসান হওয়ায় এক মাসের তেল কেনার মতো অর্থও বিপিসির তহবিলে নেই। অথচ এখন প্রতি মাসের তেল আমদানির জন্য বিপিসির প্রায় দেড় হাজার কোটি টাকার দরকার হচ্ছে বলে জানা যায়।বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, শীতকালে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যায়। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত সাত-আট মাসে প্রতি ব্যারেলে ১৫-২০ মার্কিন ডলার বেড়েছে। তিনি বলেন, ‘তেলের দাম বাড়ায় আমাদের আমদানি খরচ বেড়ে গেছে, যা মেটানোর মতো অর্থ এই মুহূর্তে বিপিসির তহবিলে নেই।’বিপিসির হিসাবে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ডিজেল ও কেরোসিনে প্রতি লিটারে বিপিসির লোকসান হয় প্রায় সাড়ে সাত টাকা। গত নভেম্বর মাসে এই লোকসান ছিল লিটারে চার-পাঁচ টাকা।বাংলাদেশে মোট জ্বালানি তেলের চাহিদার মধ্যে ডিজেল ও কেরোসিনের পরিমাণ প্রায় ৭০ শতাংশ। গত নভেম্বর ও ডিসেম্বর মাসে বিপিসির প্রায় ৩৫০ কোটি টাকা লোকসান গেছে বলে জানা যায়।অথচ গত বছরের সর্বশেষ দফায় ১২ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম কমানোর সময়ও এই দুই ধরনের জ্বালানি তেলে বিপিসির লাভ ছিল লিটারপ্রতি অন্তত চার টাকা। অবশ্য বিপিসির লাভ-লোকসান যাই হোক না কেন, প্রতি লিটার জ্বালানি তেলে সরকার সাত থেকে ১১ টাকা আমদানি শুল্ক পাচ্ছে, যার পরিমাণ বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা।বিপিসি প্রতি মাসে এক জাহাজ (প্রায় এক লাখ টন) অপরিশোধিত তেল এবং পাঁচ-ছয় জাহাজ পরিশোধিত তেল আমদানি করে দেশের চাহিদা মেটায়। তবে দেশের বোরো চাষের মৌসুমে (নভেম্বর থেকে মার্চ পর্যন্ত) প্রতি মাসে বাড়তি দু-তিন জাহাজ ডিজেল বেশি আমদানি করতে হয়।বিপিসির অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, দাম বাড়ায় এক জাহাজ অপরিশোধিত তেল আমদানিতে এখন ব্যয় হচ্ছে সাত কোটি মার্কিন ডলার (প্রায় ৪৮০ কোটি টাকা)। গত বছরের এই সময়ে একই মানের সমপরিমাণ তেল আমদানিতে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলারে (৩৭৫ কোটি টাকা)। অর্থাত্ এক জাহাজ অপরিশোধিত তেল আমদানিতে খরচ বেড়ে গেছে প্রায় ১১৫ কোটি টাকা।একইভাবে এক জাহাজ পরিশোধিত জ্বালানি তেল আমদানির ব্যয় গত বছরের এই সময়ের তুলনায় ২০ লাখ মার্কির ডলার (প্রায় ১৪ কোটি টাকা) বেড়ে গেছে। তাই প্রতি মাসে আট জাহাজ তেল আমদানিতে এখন বেশি ব্যয় হচ্ছে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলার (১১২ কোটি টাকা)।অর্থাত্ দাম বাড়ায় এখন চাহিদামতো তেল আমদানির জন্য বিপিসির মাসে ব্যয় বেড়েছে ২৩৭ কোটি টাকা।এই বাড়তি টাকা জোগাড় করতে এখন বিপিসি সরকারি-বেসরকারি বিভিন্ন অর্থ লগ্নীকারক প্রতিষ্ঠানে ধরনা দিচ্ছে বলে জানা যায়।ঋণের জন্য আবেদন: জ্বালানি তেল আমদানির স্বাভাবিক ধারা অক্ষুণ্ন রাখতে বিপিসি সরকারের কাছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা (৫০ কোটি মার্কিন ডলার) ঋণসহায়তা চেয়েছে।দুই সপ্তাহ আগে বিপিসি জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে ব্যাংলাদেশ ব্যাংক থেকে এই ঋণ চায়। চারটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই ঋণসহায়তা দেওয়া সম্ভব বলে বিপিসির চিঠিতে বলা হয়েছে। এর আগেও এসব ব্যাংক বিপিসিকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছিল বলে জানা যায়।সরকারের কাছে ঋণ আবেদনের বিষয়টি স্বীকার করে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আইডিবির ঋণ পেতে দেরি হচ্ছে। এ কারণে আমরা জরুরি ভিত্তিতে সরকারের কাছে ঋণসহায়তা চেয়েছি। এই ঋণ পাওয়া গেলে তিন মাসের আমদানি খরচ মেটানো যাবে।’