তেল-চর্বি আমদানির রেকর্ড
২০১৩ সালে দেশে রেকর্ড পরিমাণ তেল-চর্বি আমদানি হয়েছে। সেই সঙ্গে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানিও বেড়েছে।
আলোচ্য বছরে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৭০৬ টন তেল-চর্বি আমদানি হয়েছে, যা এর আগের বছর অর্থাৎ ২০১২ সালের তুলনায় ১০ দশমিক ১৮ শতাংশ বেশি।
গত বছর আমদানি হওয়া মোট তেল-চর্বির ৭১ শতাংশই হচ্ছে পাম তেল, যার পরিমাণ ১২ লাখ ৫৬ হাজার টন। বার্ষিক হিসাবে এটি এ যাবৎকালের সর্বোচ্চ এবং আগের বছরের চেয়ে ২২ দশমিক ৩৩ শতাংশ বেশি।
মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল (এমপিওসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, ২০১৩ সালে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৪৩৬ টন, যা ২০১২ সালের চেয়ে ২০ দশমিক ৩৫ শতাংশ বেশি। আর সয়াবিন আমদানি হয় পাঁচ লাখ ৭৫ হাজার ৫৪০ টন, যা আগের বছরের তুলনায় ১১১ দশমিক ৪৩ শতাংশ বেশি। আমদানি করা সয়াবিন থেকে আহরিত তেলের পরিমাণ ৯৯ হাজার ৮৯ টন।
আলোচ্য বছরে ৯৩ হাজার ৪৩৪ টন ক্যানোলা বা সরিষা বীজ আমদানি হয়, যা আগের বছরের চেয়ে ৪৫ দশমিক ১৯ শতাংশ বেশি। আমদানি করা ক্যানোলা বা সরিষা থেকে আহরিত তেলের পরিমাণ ৩৫ হাজার ৫০৫ টন।এমপিওসি জানায়, বাংলাদেশে তেল-চর্বির চাহিদার ৯০ শতাংশই পূরণ করতে হয় আমদানির মাধ্যমে।