তেলের উৎপাদন কমবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ২০ ডলারে নেমে গেলেও উৎপাদন কমাবে না তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত মূল্য পতনের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের তেলমন্ত্রী আলি আল নাইমি। তাঁর এ মন্তব্যকে দাম কমার পরও তেলের উৎপাদন না কমানোর যে নীতি ওপেক গ্রহণ করেছে সেটিকে আরও শক্ত ভিত্তি দিল। গত নভেম্বরে প্রতিদিন গড়ে তিন কোটি ব্যারেল জ্বালানি তেল উৎপাদনের ঘোষণা দিয়েছিল ওপেক।
ওপেকের ওই ঘোষণার পর ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড তেলের বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য কমে চলতি মাসে ৬২ ডলারে নেমে আসে, যা গত জুনে ছিল ১১৬ ডলার। অর্থাৎ ছয় মাসে তেলের দাম কমল ৪৬ শতাংশ।
মিডিল ইস্ট ইকোনমিক সার্ভেকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি মন্ত্রী বলেন, ‘ওপেকের সদস্যভুক্ত দেশ হিসেবে আমার দেশ এমনকি ওপেক মহাসচিবও তেলের উৎপাদন না কমানোর নীতির সঙ্গে একমত। ওপেক সদস্যদের নিজস্ব স্বার্থে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রতি ব্যারেল তেলের দাম ২০, ৪০, ৫০, ৬০ ডলার যাই হোক না কেন উৎপাদন কমানো হবে না।’
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দামে ধসের অন্যতম প্রধান কারণ হলো বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি। এ জন্যই মূলত তেলের দাম এত কমছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার পেছনে আন্তর্জাতিক রাজনীতিরও একটা ভূমিকা আছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অবশ্য মনে করে, জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে ২০১৫ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক ৭০ শতাংশ বাড়বে। সূত্র: বিবিসি