তেলের দাম আবারও বাড়ল
অপরিশোধিত তেলের দাম আজ সোমবার আরও দুই ডলারের বেশি বেড়েছে। এ মুহূর্তে ব্যারেলপ্রতি অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দাঁড়িয়েছে ১১৬ ডলারে। লিবিয়ায় পশ্চিমাশক্তির সামরিক হামলার ফলে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়ায় জ্বালানি তেলের এ মূল্য বৃদ্ধি ঘটছে। বিশ্বের মোট জ্বালানি তেলের তিন ভাগের এক ভাগেরও বেশির উত্স উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য। খবর রয়টার্সের।মূলত যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ব্রিটেন ও ফ্রান্সের হামলার কারণে, লিবিয়ায় তেলের উত্পাদন অনেক কমে গেছে। এ ছাড়া সিরিয়া ও ইয়েমেনের রাজনৈতিক অচলাবস্থার কারণেও তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।সিডনির সিএমসি মার্কেটের বিশ্লেষক ম্যাথিউ লুইস বলেন, মধ্যপ্রাচ্য জুড়েই এখন অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে, সৌদি আরব, বাহরাইন প্রভৃতি দেশেও লিবিয়ার মতোই যথেষ্ট পরিমাণ অপরিশোধিত তেল উত্পাদিত হচ্ছে না। সে কারণে, প্রতিদিনই তেলের দাম বাড়ছে।লুইস আরও জানান, লিবিয়ার বর্তমান যুদ্ধের কারণে এ সপ্তাহে তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।