
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারা। পাশাপাশি ব্যাংকঋণের সুদহার কমানোরও দাবি জানান ব্যবসায়ী নেতারা।
ব্যাংকঋণের সুদহার না কমার জন্য বিপুল পরিমাণ খেলাপি ঋণকে বড় কারণ হিসেবে উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) রাখতে হয়। যদি এ চাপ কমানো যেত, তাহলে সুদের হারও স্বয়ংক্রিয়ভাবে কমে আসত।
ঢাকার মতিঝিলে ফেডারেশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনটির প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম কমানো হলে পণ্য উৎপাদন খরচও কমবে।

ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়ে শিগগির বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যবসায়ী নেতারা বৈঠকে বসবেন বলেও জানান মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘বৈঠকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু প্রস্তাব তুলে ধরব।’ এ সময় তিনি বলেন, বাংলাদেশে আমানত ও ঋণের সুদহারের মধ্যকার এত ব্যবধান বিশ্বের আর কোনো দেশে নেই।
সভায় এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন তেলের দাম কমানোর বিষয়ে বলেন, রাষ্ট্রের কাজ ব্যবসা করা নয়। সরকার এ খাতে যে ভর্তুকি দিয়েছে, তা আদায় করাও যুক্তিযুক্ত নয়। তেলের দাম কমিয়ে ও গ্যাসের দাম বাড়িয়ে একটি ভারসাম্য আনা দরকার জ্বালানি খাতে।
সভায় ২০১৬ সালের জন্য গৃহীত এফবিসিসিআইয়ের বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা কথা বলেন, দেশের বিনিয়োগ, রাজনৈতিক পরিস্থিতি, মূল্য সংযোজন কর বা মূসক আদায়ে আইনপ্রয়োগকারী সংস্থা র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যা বকে যুক্ত করা, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে।
মূসক আদায়ে র্যা ব যুক্ত করার বিষয়ে জানতে চাইলে মাতলুব আহমাদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত আমাদের মনঃপূত নয়। এটা অহেতুক ও নতুন আতঙ্ক। ব্যবসায়ীদের শান্তভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া না হলে দেশ এগোবে না।’
সম্প্রতি রাজধানীর র্যা ডিসন হোটেলে অনুষ্ঠিত ‘বিনিয়োগ ও নীতি সম্মেলনের’ প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, এ সম্মেলনে ভারতের আদানি ও রিলায়েন্স গ্রুপ সম্মিলিতভাবে বাংলাদেশে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর আগে এত বড় বিনিয়োগ প্রস্তাব কেউ মাইকে এসে ঘোষণা দেয়নি। এ দুটি বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে আরও অনেকে বিনিয়োগে এগিয়ে আসবে।
তবে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জমির সমস্যা একটি বড় সমস্যা। এখানে জমির দাম বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি। এর ফলে শিল্প স্থাপনে মূলধনি ব্যয় অনেক বেড়ে যায়। এ ছাড়া বিনিয়োগ বাড়াতে হলে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ধরে রাখার পাশাপাশি অবকাঠামোসহ কিছু সমস্যাও দূর করতে হবে বলে মনে করেন মহিউদ্দিন। তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে, ঠিকই কিন্তু সঞ্চালন ও বিতরণব্যবস্থার আরও উন্নতি দরকার।
অনুষ্ঠানে টাকা পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, টাকা ও পানি কখনো আইন করে আটকে রাখা যায় না। বিভিন্ন কারণে দেশ থেকে বিদেশে টাকা পাচার হয়। যদি দেশে নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে কেউ আর বিদেশে টাকা পাচার করবে না।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফজলে ফাহিম, হারুন অর রশিদ, বজলুর রহমান, আবু মোতালেব প্রমুখ।