আগামী ২০১৬-১৭ অর্থবছরে জ্বালানি তেলের দাম কমানোর পরামর্শ দিয়েছেন দেশের অর্থনীতিবিদেরা। এ ছাড়া সমুদ্র অর্থনীতির যথাযথ ব্যবহার, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে ধাপে ধাপে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া এবং মেধাভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ারও পরামর্শ দেন তাঁরা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে গত সোমবার রাতে অনুষ্ঠিত ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তাঁরা এমন পরামর্শ দেন। বৈঠক সূত্রে গতকাল মঙ্গলবার এসব কথা জানা গেছে।
আলোচনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক অর্থসচিব মতিউল ইসলাম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান প্রমুখ কথা বলেছেন।
বৈঠক সূত্র জানায়, প্রাক-বাজেট আলোচনায় দু-একজন ছাড়া বেশির ভাগ অর্থনীতিবিদই তেলের দাম কমানোর পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রীয় আয়-ব্যয় কাঠামোর দুর্বলতা, জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের তথ্যের গরমিল, প্রতিরক্ষা বাজেটে আরও স্বচ্ছতা আনারও পরামর্শ দেওয়া হয় অর্থমন্ত্রীকে।
অর্থনীতিবিদেরা বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অবস্থার উন্নয়নে অনেক পদক্ষেপই নেওয়া হচ্ছে, কিন্তু তেমন কাজে আসছে না। মূলধন ঘাটতি পূরণে বরং প্রতিবছর বাজেটে ব্যাংকগুলোর জন্য আলাদা বরাদ্দ রাখতে হচ্ছে। রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদেরা।
বর্তমানে ব্যাংক খাতে তহবিল খরচ ৪ শতাংশ বলে অর্থমন্ত্রীকে জানান অর্থনীতিবিদেরা। তাঁরা বলেন, প্রয়োজনীয় নীতি-পদক্ষেপ নেওয়া গেলে ব্যাংক খাতে সুদের হার ৭-৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব। বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে তাঁরা সংকোচনমূলকের পরিবর্তে সম্প্রসারণমূলক মুদ্রানীতি নেওয়ার পরামর্শ দেন।
অর্থনীতিবিদেরা সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোরও বিপক্ষে মত দেন। তাঁরা বলেন, বিপুল জনগোষ্ঠীর এ দেশের বেশির ভাগই নিম্ন-মধ্যবিত্ত মানুষ। ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে এই মানুষগুলো সঞ্চয়পত্র কেনেন। সম্প্রতি সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণের বিষয়টি বাজারের ওপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী। প্রতি মাসে মুনাফার হার পুনর্বিবেচনা করার আলোচনাও রয়েছে সরকারি পর্যায়ে। অর্থাৎ মাসে মাসে সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন করা হবে। যদিও বাস্তবে তা হয়নি।
অর্থনীতিবিদেরা বড় বড় প্রকল্পের জন্য আলাদা বাজেট প্রস্তাব দেওয়ারও পরামর্শ দেন অর্থমন্ত্রীকে। তাঁরা বলেন, আলাদা বাজেট থাকলে বড় প্রকল্পগুলো ঠিক সময়ে বাস্তবায়িত হবে।
দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধিতে কৃষির পাশাপাশি শিল্প খাতেও জোর দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। উদাহরণ দিয়ে অর্থমন্ত্রীকে তাঁরা বলেন, অতীতের তথ্য-উপাত্ত বলছে, কৃষি উৎপাদন খারাপ হলে শিল্প উৎপাদনেও তার নেতিবাচক প্রভাব পড়ে।
সূত্র জানায়, ই-কমার্সের ওপর কর বসানোর জন্যও অর্থমন্ত্রীকে পরামর্শ দেন অর্থনীতিবিদেরা। রিজার্ভ চুরির ঘটনা এবং আদতে এত রিজার্ভের দরকার আছে কি না, সেই প্রশ্নও উঠেছে প্রাক-বাজেট আলোচনায়।