তেলের দাম বারবার বাড়ায় বিসিআইয়ের গভীর উদ্বেগ
চলতি বছরেই তৃতীয় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।সংগঠনটি বলেছে, জ্বালানি তেলের মূল্য এভাবে বৃদ্ধি পেলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। গণপরিবহনে দেখা দেয় অস্থিরতা, কৃষি ও শিল্পোৎপাদন খরচ বেড়ে যায়। কিন্তু বাংলাদেশে দুর্মূল্যের এই বাজারেও অকারণে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। এতে জনজীবনে বিরূপ প্রভাব দেখা দিচ্ছে।বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সরকার জনমত ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) উপেক্ষা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পুনরাবৃত্তি ঘটিয়েই চলেছে, যা মোটেই সমীচীন নয়। জ্বালানি হচ্ছে অর্থনীতির মূল চালিকাশক্তি। কাজেই জ্বালানি তেলের দাম বাড়লে দেশের সব ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে।পেট্রোপণ্যের দক্ষ ব্যবস্থাপনা, দক্ষ বিপণনব্যবস্থা ও কর রেয়াতের মাধ্যমে উদ্ভূত অবাঞ্ছিত পরিস্থিতির মোকাবিলা করা অতীব জরুরি বলে শামসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।