
সরবরাহে টান পড়া, বিপরীতে চাহিদা বেড়ে যাওয়া—এ দুইয়ের প্যাঁচে পড়ে চলতি বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও বিভিন্ন ধরনের ধাতুর দাম বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। তবে চলতি বছর কৃষিপণ্যের দাম খুব বেশি বাড়বে না। বরং শস্যের দাম ৩ শতাংশ কমতে পারে বলে মনে করে সংস্থাটি।
বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক-২০১৭’-তে বৈশ্বিক পণ্যবাজার নিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। তিন মাস পর পর এ ধরনের পূর্বাভাস প্রকাশ করে সংস্থাটি। সর্বশেষ পূর্বাভাসটি প্রকাশ করা হয় ২৪ জানুয়ারি। এ উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জন বাফেস বলেন, ২০১৬ সালে বিশ্ববাজারে বেশির ভাগ পণ্যের দাম তলানিতে ঠেকেছিল। ২০১৭ সালে তা বৃদ্ধির পথে আছে। যদিও নীতির পরিবর্তনে এ ধারা পাল্টে যেতে পারে।
বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের দাম হতে পারে ব্যারেলপ্রতি গড়ে ৫৫ ডলার, যা বিগত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। ২০১৮ সালে এ দর ৬০ ডলারে উন্নীত হতে পারে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। জ্বালানি তেলের দাম কেন বাড়বে—এর বিশ্লেষণে বিশ্বব্যাংক বলেছে, তেল উত্তোলনকারী দেশগুলো উৎপাদন কমিয়েছে। বিপরীতে ওইসিডির (উন্নত ৩৫ দেশের জোট) বাইরের দেশগুলোতে জ্বালানি তেলের চাহিদা বাড়বে। বিশ্বব্যাংক মনে করে, চলতি বছর তেলের দৈনিক চাহিদা ও উৎপাদনে ঘাটতি তৈরি হবে, বিশেষ করে বছরের দ্বিতীয় অংশে। তবে দীর্ঘদিন ধরে জমে থাকা মজুত কমবে।
২০১৬ সালের শেষ তিন মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কয়লার দাম ৩৮ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, চীনে উৎপাদন কমে যাওয়ায় গত নভেম্বরের মাঝামাঝিতে প্রতি টন কয়লার দাম ১০০ ডলারে উঠেছিল। চলতি বছর কয়লার দাম টনপ্রতি গড়ে ৭০ ডলার হতে পারে। তবে বিশ্বব্যাংক মনে করছে, কয়লার বাজার নির্ভর করবে চীনের ওপর। কারণ, বৈশ্বিক কয়লার অর্ধেক ব্যবহার করে দেশটি।
বাংলাদেশ চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি শুরু করবে। তবে নতুন আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে সুখবর দিতে পারছে না বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর এলএনজির দাম ১৫ শতাংশ বাড়তে পারে। এর কারণ, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানে এলএনজির চাহিদা বাড়ছে, অন্যদিকে এ বছর সরবরাহ কমবে।
ধাতুর দাম বৃদ্ধির জন্যও সরবরাহের টানকে দায়ী করা হয়েছে বিশ্বব্যাংকের পূর্বাভাসে। সংস্থাটি বলেছে, ২০১৭ সালে অ্যালুমিনিয়ামের গড় দাম টনপ্রতি ১ হাজার ৭০০ ডলার হতে পারে, যা গেল বছর ১ হাজার ৬০৪ ডলার ছিল। তামার দাম গড়ে ৪ হাজার ৪৬৮ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৪০০ ডলারে উন্নীত হতে পারে। এ ছাড়া আকরিক লোহা টনপ্রতি ৫৮ ডলার থেকে বেড়ে ৬৫ ডলার, সিসা ১ হাজার ৮৬৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ২০০ ডলার, নিকেল ৯ হাজার ৫৯৫ ডলার থেকে বেড়ে ১১ হাজার ডলার, টিন ১৭ হাজার ৯৩৪ ডলার থেকে বেড়ে ২০ হাজার ডলার ও দস্তার দাম ২ হাজার ৯০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৬৫০ ডলারে উন্নীত হতে পারে।
২০১৬ সালে সোনার গড় দাম আউন্সপ্রতি ১ হাজার ২৪৯ ডলার ছিল উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে, চলতি বছর তা ১ হাজার ১৫০ ডলারে নামবে। সোনার দাম কমার পেছনে বিশ্বব্যাংক ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল এবং চীনে তরুণদের মধ্যে সোনার অলংকারের চাহিদা কমে যাওয়াকে উল্লেখ করেছে। সোনার মতো রুপার দামও চলতি বছর কিছুটা কমবে বলে মনে করে বিশ্বব্যাংক।
শস্যবাজার নিয়ে বিশ্বব্যাংক বলেছে, চলতি বছর বিশ্বে গমের উৎপাদন প্রায় ৭৫ কোটি টনে উন্নীত হবে, যা হবে রেকর্ড। এ ছাড়া ভুট্টার উৎপাদন ৮ শতাংশ ও চালের উৎপাদন ২ শতাংশ বাড়বে। ফলে শস্যের দাম কমতে পারে। তবে সয়াবিন তেলের দাম টনপ্রতি গড়ে ৮০৯ ডলার থেকে বেড়ে ৯০০ ডলার এবং পাম তেলের দাম ৭০০ ডলার থেকে বেড়ে ৭৫০ ডলার হতে পারে। চিনির দামে বিশেষ কোনো হেরফের হবে না বলেই মনে করে সংস্থাটি।
চলতি বছর বিশ্ববাজারে সারের দামে বিশেষ কোনো হেরফের হবে না। ডিএপি সার টনপ্রতি ৩৪৫ থেকে কমে গড়ে ৩৩০ ডলার, টিএসপি ২৯১ থেকে কমে গড়ে ২৮০ ডলার, ইউরিয়া ১৯৯ ডলার থেকে বেড়ে ২২০ ডলার হতে পারে বলে উল্লেখ করা হয় বিশ্বব্যাংকের পূর্বাভাসে।
তুলার দামও খুব বেশি বাড়বে না বলে উল্লেখ করা হয় বিশ্বব্যাংকের পূর্বাভাসে। এতে বলা হয়, ২০১৬ সালে প্রতি কেজি তুলার দাম ছিল ১ দশমিক ৬৪ ডলার। এটা চলতি বছর গড়ে ১ দশমিক ৭০ ডলার হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কাঠের দামেও খুব বেশি হেরফের হবে না বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। ফলে দেশের আসবাবপত্র উৎপাদকদের চিন্তার কিছু নেই। সুখবর আছে চিংড়ি রপ্তানিকারকদের জন্য। বিশ্বব্যাংক মনে করে, চলতি বছর প্রতি কেজি চিংড়ির গড় দাম দাঁড়াবে ১২ ডলার, যা বিগত বছর ১১ দশমিক ২০ ডলার ছিল।