তোবা গ্রুপকে বিমার টাকা পাইয়ে দিতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওনা টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল বের করে l ছবি: প্রথম আলো
পাওনা টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল বের করে l ছবি: প্রথম আলো

তাজরীন ফ্যাশনসের বিমার টাকা পাওয়ার পর কারখানা চালু করবে তোবা গ্রুপ। তোবা গ্রুপের পক্ষ থেকে সরকারকে এ কথা জানানো হয়েছে। সরকারও বিমা কোম্পানির কাছ থেকে তোবার টাকা আদায় করে দেওয়ার ব্যাপারে আন্তরিক।
সচিবালয়ে গতকাল রোববার ‘সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি’ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
এ বিষয়ে বিমা কোম্পানির সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তোবা নিয়ে গত ঈদে বহিরাগতরা গোলমাল করতে চেয়েছিল। অহেতুক একটা “ইস্যু” বানাতে চেয়েছিল তারা। কিন্তু তারা সফল হয়নি।’ অতীতের যেকোনো সময়ের তুলনায় পোশাক কারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক এখন ভালো বলে উল্লেখ করেন তিনি।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশনস আগুনে পুড়ে যায়। এতে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হন ২০০ জন। এরপর পোশাক কারখানার পরিবেশ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। তোবা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনস।
তাজরীনের বিমা করা ছিল কর্ণফুলী ইনস্যুরেন্সে। ক্ষতিপূরণ চেয়ে বিমার টাকা দাবি করার নিয়ম জরিপ প্রতিবেদনের ভিত্তিতে। আগুন লাগার পর তিনটি জরিপকারী প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করে বলেছে, তাজরীন কোনো টাকা পাবে না। তাজরীনের পক্ষ থেকে গত এপ্রিলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আবেদন জানালে সেখান থেকেও দাবি নাকচ হয়।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে কর্ণফুলী ইনস্যুরেন্সের পরিচালক নিজামউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘চাপিয়ে দিলেই আমরা কোনো টাকা দিতে পারব না। কারণ, কোম্পানি চলে নিয়মনীতি অনুসরণ করে।’
আইন সমর্থন না করলেও সরকার কীভাবে তোবাকে বিমার টাকা তুলে দেবে, জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, এটা মন্ত্রীরা দেখছেন। তাঁরাই সিদ্ধান্ত দেবেন।
বাণিজ্যমন্ত্রীকে প্রধান করে কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০০৫ সালের ২৬ জুলাই পোশাক খাতের জন্য ২৫ সদস্যের আরএমজি ফোরাম গঠিত হয়। গতকাল অনুষ্ঠিত হয় ফোরামের ২৫তম বৈঠক।
সচিবালয়ের ভেতরে যখন গতকাল এই বৈঠক চলছিল, একই সময়ে সচিবালয়ের বাইরে চলছিল তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ। তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের দুই ঈদ বোনাস, আগস্ট-সেপ্টেম্বরের বেতনসহ অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল মূলত শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল সংগ্রাম কমিটির। কিন্তু পুলিশি বাধায় ঘেরাও করতে না পেরে সচিবালয়ের সামনে জাতীয় প্রেসক্লাব লাগোয়া সড়কে সমাবেশ করে সংগ্রাম কমিটি। কমিটির আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোশরেফা মিশু এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে মোশরেফা বলেন, কারখানা বন্ধ করলে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হয়। কিন্তু তোবা গ্রুপ তা করেনি, সরকারও ব্যবস্থা করেনি। তিনি দাবি করেন, এক হাজার ৬০০ শ্রমিকের কথা বিবেচনা করে সরকারকে তোবা গ্রুপের কারখানাগুলো অধিগ্রহণ করতে হবে।
মোশরেফা আরও বলেন, ‘আমাদের দাবি শ্রমমন্ত্রীর কাছে। এখানে যেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মাথা না ঘামান। শ্রমমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে এই পদে বরং নৌমন্ত্রীকে বসানো হোক। এর আগে নৌমন্ত্রী যেন শ্রমিকদের নিয়ে কথা না বলেন।’
তোবার মালিক দেলোয়ার হোসেনকে ‘খুনি’ আখ্যায়িত করে অবিলম্বে তাঁর জামিন বাতিলের দাবি জানান এই শ্রমিকনেতা।
বাণিজ্যমন্ত্রী যে তোবা গ্রুপের শ্রমিকদের আন্দোলনকে বহিরাগতদের গোলমাল বলেছেন, সে বিষয়ে জানতে চাইলে শ্রমিকদের পক্ষে আন্দোলনকারী ও গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার লিমা এ প্রতিবেদককে বলেন, ‘এই আন্দোলনে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তারসহ অনেকেই সংহতি জানিয়েছেন। নাগরিকেরা বিপদে পড়লে অন্য নাগরিকদের দায়িত্বই হচ্ছে তাঁদের পাশে এসে দাঁড়ানো। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।’
জিএসপি ও পরিদর্শক নিয়োগ প্রসঙ্গ: যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশ সুবিধা (জিএসপি) বলতে এখন আর কোনো বিষয় নেই বলে সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি জিএসপি নবায়ন করে, তাহলে বাংলাদেশও তা পাবে বলে তিনি আশাবাদী।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যে ২০০ পরিদর্শক নিয়োগের কথা ছিল, তার মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ পিএসসির মাধ্যমে হওয়ার বিধান ছিল না। এ জন্য আইন সংশোধন করা হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, আগামী অক্টোবরের মধ্যে বাকি পরিদর্শকদের নিয়োগও সম্পন্ন হয়ে যাবে।