তোবার পাঁচ কারখানা খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই তোবা গ্রুপের পাঁচ কারখানা খুলে দেওয়া এবং আইন অনুযায়ী পরিচালনা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: শিগগিরই শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ, কারখানা চালু না হলে আইন অনুযায়ী শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়া, দেলোয়ার হোসেনের জামিন বাতিল ইত্যাদি।
রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। এ সময় তোবার বেশ কয়েকজন পোশাকশ্রমিকও উপস্থিত ছিলেন।
ছয় দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন থেকে ১৭ আগস্ট বিকেলে শাহবাগে তোবার শ্রমিকদের আন্দোলনের সমর্থনে সংহতি সমাবেশ এবং ২০ আগস্ট বাড্ডায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন মোশরেফা মিশু। এই দুই কর্মসূচি তোবা শ্রমিকদের নিয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের ব্যানারে আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে ঐক্য ফোরামের সভাপতি বলেন, ‘শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে অনেকেই ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। কেউ বলেছেন এটি হটকারী কর্মসূচি। ...বাণিজ্যমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী বলেছেন, আমরা নাকি শ্রমিকদের নিয়ে রাজনীতি করছি। এই মন্ত্রীদের কাছে যেটা রাজনীতি, সেটা শ্রমিকদের কাছে জীবন।’
মোশরেফা মিশু বলেন, তোবার মালিক দেলোয়ার হোসেন রাতের অন্ধকারে পাঁচ কারখানার (প্রকৃতপক্ষে দুই) যন্ত্রপাতি সরিয়ে ফেলেছেন। এর উদ্দেশ্য কী? তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, তিনি কারখানার সব যন্ত্রপাতি বিক্রি করে বিদেশে পালিয়ে যাবে। সে জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে দেলোয়ারের পাসপোর্ট জব্দ এবং তাঁর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।’ তোবার শ্রমিকদের পাওনা আদায়ে যেসব শ্রমিকনেতা আন্দোলন করেছেন, তাঁদের পুলিশ নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন এই শ্রমিকনেত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত তোবার শ্রমিক আবদুল কালাম, নাসিমা আক্তার, মো. উজ্জ্বল জানান, ১১ আগস্ট দিবাগত রাতে মালিকপক্ষ উত্তর বাড্ডার ফুজি টাওয়ারে থাকা বুকশান গার্মেন্টস ও তোবা ফ্যাশনসের মেশিন থেকে শুরু করে সব যন্ত্রপাতি নামিয়ে নেয়। তবে হোসেন মার্কেটের তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন—এই তিন কারখানার যন্ত্রপাতি এখনো আছে।
এ বিষয়ে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তাঁর মুঠোফোন গতকালও বন্ধ পাওয়া যায়। ৫ আগস্ট রাতে তিনি জামিনে ছাড়া পান। ২০১২ সালের ২৪ নভেম্বরে তাজরীনের অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা এক মামলায় দেলোয়ার গত ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।
তোবার কারখানা খোলা বা বন্ধের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘জমি ও কারখানা মেশিন বিক্রি করে দেলোয়ার হোসেন শ্রমিকদের পাওনা পরিশোধ করেছেন। ফলে তাঁর পক্ষে এখন কারখানা চালু কিংবা শ্রমিকদের বাকি পাওনা পরিশোধ সম্ভব নয়। তবে ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠান যদি সহযোগিতা করে, তবে সব মিলিয়ে একটি কারখানা তিনি চালু করতে পারেন।’
এ ছাড়া পাসপোর্ট জব্দ করার বিষয়ে বিজিএমইএর এই নেতা বলেন, ‘সরকার চাইলে এটি করতে পারে। এ ক্ষেত্রে বিজিএমইএর কোনো আপত্তি নেই।’ দেলোয়ার বিদেশে চলে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছু জানি না।’
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে আহত শ্রমিক আমেনা বেগম গতকাল ভোরে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।