তোবার পাঁচ কারখানা বন্ধ করে দিলেন দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা আদায়ে শ্রমিকেরা অবৈধ ধর্মঘট করেছেন, এমন অজুহাত দেখিয়ে উত্তর বাড্ডার তোবা গ্রুপের পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন মালিক দেলোয়ার হোসেন। শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের এই ঘোষণা ১১ জুন থেকে কার্যকর হবে।
এই বন্ধের নোটিশ গত সোমবার গ্রুপের তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন, মিতা ডিজাইন, বুকশান গার্মেন্টস ও তোবা ফ্যাশনসের কারখানার ফটকে লাগিয়ে দেন দেলোয়ারের লোকজন। পাঁচ কারখানা বন্ধের এই সিদ্ধান্ত বিজিএমইএ এবং তোবার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এর ফলে তোবার পাঁচ কারখানার দেড় হাজার পোশাকশ্রমিক বেকার হয়ে পড়বেন। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া ঈদ বোনাস ও সার্ভিস বেনিফিট না দেওয়ার বিষয় মালিকপক্ষ একটি সুযোগ নিতে পারে৷ কারণ, যে ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়েছে, তাতে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পাবেন না৷ যদিও ১০ আগস্ট বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, কারখানা বন্ধ হলে শ্রমিকেরা আইন অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন৷
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ দেলোয়ারের এই সিদ্ধান্তকে ‘আইনসম্মত’ বললেও শ্রমিকনেতারা বলছেন ‘অনৈতিক’। তবে এ বিষয়ে তোবার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। গতকাল রাতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী কারখানা লে-অফ করলে শ্রমিকদের কয়েক কোটি টাকা পাওনা পরিশোধ করতে হবে। সেই ভয়েই দেলোয়ার হোসেন এমনটা করেছেন।
মোশরেফা মিশু আরও বলেন, ‘তোবার মালিককে আমরা সহজে ছেড়ে দেব না। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শ্রম আদালতে মামলা করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে কথাবার্তা চলছে। একই সঙ্গে তোবার শ্রমিকদের নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’
এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, পাওনা আদায়ের জন্য উৎপাদন বন্ধ করা উচিত নয়। ফলে দেলোয়ার আইনসম্মতভাবেই কারখানা বন্ধ করেছেন।
গতকাল রাতে প্রথম আলোর কাছে কারখানা বন্ধের নোটিশের একটি অনুলিপি আসে। দেলোয়ার স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক জেলে থাকার কারণে মে মাসের মজুরি যথাসময়ে দিতে পারেননি। সে জন্য কারখানার শ্রমিক-কর্মচারীরা গত ১০ জুন থেকে কারখানার কাজ বন্ধ করে দেন। এভাবে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে তাঁদের মজুরি দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকেন।
নোটিশে কারখানার শ্রমিকেরা বহিরাগত লোকের সহযোগিতায় অবৈধভাবে অবস্থান, মালামাল লুট, যন্ত্রপাতি ও কাঁচামাল নষ্ট করেছেন বলে অভিযোগ করা হয়। শ্রমিকদের এরূপ আচরণ অবৈধ ধর্মঘটের শামিল বলেও উল্লেখ করা হয় নোটিশে।
এসব অভিযোগের বিষয়ে মোশরেফা মিশু বলেন, ‘সারা দেশের মানুষ দেখেছে তোবার শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। আসলে খুনি ও দুর্বৃত্ত দেলোয়ারের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যায় না।’ অন্য কিছু না পেয়ে মালিকপক্ষ এ ধরনের হীন অভিযোগ করছে বলে মন্তব্য করেন তিনি।
শ্রম বিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ‘শ্রমিকেরা বেআইনি ধর্মঘট করেননি৷ ফলে ১৩ (১) ধারা অনুযায়ী, কারখানা বন্ধ করার সিদ্ধান্ত অবৈধ৷ মালিক এ ক্ষেত্রে লে-অফ বা শ্রমিক ছাঁটাই করতে পারতেন৷’
তিন মাসের (মে-জুলাই) মজুরি, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে তোবার পাঁচ কারখানার শ্রমিকেরা ঈদের আগের দিন থেকেই শুরু করে টানা ১১ দিন উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলায় কারখানায় অনশন করেন। শেষে বিজিএমইএর মধ্যস্থতায় ৬ ও ৭ আগস্ট দুই মাস এবং ১০ আগস্ট এক মাসের বকেয়া মজুরি ও ওভারটাইমের টাকা পান শ্রমিকেরা। বিজিএমইএর সভাপতি আশ্বাস দিয়েছেন, শিগগিরই শ্রমিকেরা ঈদ বোনাস পাবেন।