তোবার বিষয়ে সবাই চুপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা গ্রুপের পাঁচ পোশাক কারখানার শ্রমিকদের চাকরিচ্যুতির ক্ষতিপূরণ পাওনা নিয়ে সব পক্ষই এখন নীরব। শ্রমিকসংগঠনগুলো কোনো উচ্চবাচ্য করছে না। তোবার মালিক দেলোয়ার হোসেন বরাবরের মতো অসহায়ত্বের অজুহাত দেখাচ্ছেন। পাওনা আদায়ে উদ্যোগ না নিয়ে উল্টো দেলোয়ারের পক্ষে অবস্থান নিয়েছে বিজিএমইএ।
এদিকে গত এক মাস চুপ থাকার পর শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে দেলোয়ারের বিরুদ্ধে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রম পরিদর্শক (সাধারণ) মাসুদ আলম বাদী হয়ে গতকাল সোমবার প্রথম শ্রম আদালতে মামলা দায়ের করেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহম্মদ।
অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ না দেওয়ায় শ্রম আইনের ১২৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ৩০৩(ঙ) ও ৩০৭ ধারা অনুযায়ী মামলাটি করা হয়েছে। এতে শ্রমিকদের পাওনা পরিশোধ ও মালিককে ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা করতে পারেন আদালত।
একাধিক শ্রমিকনেতা বলেছেন, মামলা করায় পুরো বিষয়টি আবার ঝুলে গেল। এখন দীর্ঘ আইনি লড়াই শেষে শ্রমিকেরা ক্ষতিপূরণ কবে বুঝে পাবেন, সেটি নিশ্চিত নয়। অবশ্য এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গত রোববার প্রথম আলোকে বলেন, সব চেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে শ্রমিকেরা পড়েছেন গ্যাঁড়াকলে। ক্ষতিপূরণ পাচ্ছেন না, আবার নতুন করে তাঁদের কাজও দিচ্ছে না কেউ। ফলে অনেকেই এখনো বেকার। কেউ ঝালমুড়ি ও সবজি বিক্রি করে, আবার নারীশ্রমিকদের কেউ কেউ বাড়িতে কাঁথা সেলাইয়ের মতো কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
মমিনুর রহমান নামে এক শ্রমিক বলেন, তোবার নাম শুনলে কেউ কাজ দেয় না। কিছু দিন আগে না জেনে একটি কারখানা কয়েকজনকে কাজ দিলেও পরে তাঁদের ছাঁটাই করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের অপরাধ আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিলাম। সে জন্যই আজ আমাদের এই দুর্দশা।’
শ্রমিকেরা জানান, ক্ষতিপূরণ না দিতে পারলেও দেলোয়ার হোসেন উত্তর বাড্ডা হোসেন মার্কেটের পাঁচ কারখানা একটি (তোবা ফ্যাশন) মাস খানেক আগে চালু করেন। তবে সেটি মেরুল বাড্ডা এলাকায় তাঁর অন্য একটি কারখানার মধ্যেই। সেখানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করছেন। তবে সবাই নতুন। পুরোনো কাউকেই দেলোয়ার নিয়োগ দেননি।
জানতে চাইলে দেলোয়ার হোসেন গতকাল দুপুরে এই প্রতিবেদককে বলেন, নতুন-পুরোনো দুই ধরনের শ্রমিকই আছে। তবে তাৎক্ষণিকভাবে সংখ্যা জানাতে না পারলেও ‘মিশুর শ্রমিকদের’ নেননি বলে জানান তিনি।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর নেতৃত্বে গত জুলাইয়ে ঈদুল ফিতরের আগের দিন থেকে তিন মাসের বেতন-ভাতা দাবিতে অনশন শুরু করেন তোবার পাঁচ কারখানার হাজার দেড়েক শ্রমিক। টানা আন্দোলনে সরকার ও বিজিএমইএর মধ্যস্থতায় শেষ পর্যন্ত তিন মাসের মজুরি ও ওভারটাইমের অর্থ পেলেও ঈদ বোনাস পাননি শ্রমিকেরা।
এরপর হঠাৎ করেই শ্রমিকেরা অবৈধ ধর্মঘট করেছেন এমন অজুহাত দেখিয়ে ১৮ আগস্ট তোবার পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন মালিক। শ্রমিকদের পাওনা যাতে না দিতে হয়, সে জন্য শ্রম আইনের ১৩(১) অনুযায়ী কারখানা বন্ধ করেন বলে অভিযোগ আছে। এ ঘটনার পর সরকারের একাধিক মন্ত্রী এভাবে কারখানা বন্ধ করাকে অবৈধ বলে উল্লেখ করেন।
এদিকে একপর্যায়ে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বেশ কিছু দিন ধরেই বিজিএমইএ নিশ্চুপ আছে। গত কোরবািনর ঈদের আগেও তারা পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি। উল্টো এখন বিজিএমইএ দেলোয়ারের পক্ষ নিয়ে বলছে, জুন ও জুলাই মাসে কাজ না করেই শ্রমিকেরা এক কোটি ৮০ লাখ টাকা পেয়েছেন।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘মালিকদের সংগঠন হিসেবে আমরা তো মালিকের সুবিধা-অসুবিধা দেখবই। তবে কারও যাতে ক্ষতি না হয়, সেটি সবাইকেই মাথায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিমার টাকা না পেলে দেলোয়ারের পক্ষে ক্ষতিপূরণের অর্থ দেওয়া সম্ভব না। কারণ, ইতিমধ্যে সে জমিজমা বিক্রি করে শ্রমিকদের মজুরি দিয়েছে। সে জন্য আমরা চেষ্টা করছি, বিমা প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠক করছি। ফলে আমরা যে একেবারেই বসে আছি সেটি সত্য নয়।’
কোরবানির ঈদের আগে মোশরেফা মিশুর নেতৃত্বে শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ ঘেরাও করে শ্রমিকেরা পাওনা আদায়ে ব্যর্থ হন। তারপর আর কোনো আন্দোলন-সংগ্রাম দেখা যায়নি। এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম বলেন, ‘ঈদে অনেকেই গ্রামের বাড়ি চলে গিয়েছিল। আবার সবাই আসছে। গোছগাছ করে আমরা শিগগিরই আন্দোলনে যাব।’