তোবার শ্রমিকদের বেদনার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের খুশির দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তাঁদের। কিন্তু তিন মাস ধরে প্রাপ্য মজুরি মিলছে না তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার কর্মীদের। জোটেনি ঈদের বোনাসও। বাধ্য হয়ে রাজধানীর উত্তর বাড্ডায় কারখানার ভেতরেই ঈদের আগের দিন থেকে অনশন করছেন তাঁরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৮০ জনেরও বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়েন l ছবি: হাসান রাজা
ঈদের খুশির দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তাঁদের। কিন্তু তিন মাস ধরে প্রাপ্য মজুরি মিলছে না তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার কর্মীদের। জোটেনি ঈদের বোনাসও। বাধ্য হয়ে রাজধানীর উত্তর বাড্ডায় কারখানার ভেতরেই ঈদের আগের দিন থেকে অনশন করছেন তাঁরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৮০ জনেরও বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়েন l ছবি: হাসান রাজা

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে চার দিন ধরে অনশন করছেন তোবা গ্রুপের পাঁচ কারখানার পোশাকশ্রমিকেরা। টানা অনশনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৮৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈদের আগের দিন সোমবার থেকে তোবা গ্রুপের এক হাজার ৬০০ শ্রমিক অনশন করলেও সরকার বা তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ থেকে সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তাদের কোনো প্রতিনিধিও সেখানে যাননি। তবে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের ওই কারখানা ভবনের সামনে পুলিশ জলকামান নিয়ে সতর্ক পাহারা বসিয়েছে।
একাধিক শ্রমিক অভিযোগ করেন, ‘তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে কারাগার থেকে বের করার জন্যই মালিকপক্ষ শ্রমিকদের জিম্মি করেছে।’ ঈদের আগে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকও একই কথা বলেছিলেন। এবং অবশেষে সেটিই সত্য হলো। হাইকোর্ট থেকে গত ২৪ জুলাই জামিন পেয়েছেন দেলোয়ার। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
শ্রম প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, ‘তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন হয়েছে। আশা করছি, আগামী রোববার-সোমবারের মধ্যে তিনি যদি মুক্ত হয়ে আসেন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে।’
২০১২ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১১ জন পোশাকশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তাঁর স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠালেও পরে তিনি জামিনে মুক্তি পান।
ঈদের আগের দিন ইফতারের পর থেকেই হোসেন মার্কেটের সপ্তম তলায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃত্বে আমরণ অনশন শুরু করেন তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকেরা।ওই ভবনেই গ্রুপের তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইনের কারখানা। ফুজি টাওয়ার নামে পাশের একটি ভবনে বুকশান গার্মেন্টস ও তোবা ফ্যাশনসের কারখানা। এই পাঁচ কারখানায় কাজ করেন এক হাজার ৬০০ শ্রমিক (যদিও মালিকপক্ষের দাবি তিন হাজার)। এর মধ্যে নারী শ্রমিক এক হাজার ৩০০ ও পুরুষ ৩০০। শ্রমিকেরা গত শুক্রবার থেকে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানার নবম তলায় অবরুদ্ধ করে রেখেছেন।

বকেয়া বেতন-ভাতার দাবিতে চার দিন ধরে অনশন করছেন তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার কর্মীরা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়া এক কর্মী গতকাল কারখানার ভেতরে বিশ্রাম নেন l ছবি: প্রথম আলো
বকেয়া বেতন-ভাতার দাবিতে চার দিন ধরে অনশন করছেন তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার কর্মীরা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়া এক কর্মী গতকাল কারখানার ভেতরে বিশ্রাম নেন l ছবি: প্রথম আলো

গতকাল সকালে তোবার কারখানায় গিয়ে দেখা যায়, এক পাশে কয়েক শ শ্রমিক অনশন করছেন। অন্য পাশে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের স্যালাইন দিচ্ছেন স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা। আর মঞ্চে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ভাষণ দিচ্ছেন। প্রতিবাদী সংগীত পরিবেশনও করে ‘মুক্তির মঞ্চ’ নামের একটি সংগঠন। সিপিবি, বাসদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অনশনে এসে সংহতি প্রকাশ করেছেন।
অসুস্থ শ্রমিকদের চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন শ্রমিকনেতা আহমেদ মহিউদ্দিন ও হাসান মুহাম্মদ। তাঁরা জানালেন, গতকাল ২৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে গুরুতর অসুস্থ ডলি নামের একজনকে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর গত বুধবার পর্যন্ত অসুস্থ হন ৬০ জন। এর মধ্যে নয়জনকে বাড্ডা এলাকার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঞ্চের ওপরই তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘একাধিক শ্রমিক সংগঠনের মাধ্যমে বিজিএমইএ বর্তমান অবস্থা নিরসনে শ্রমিকদের আংশিক বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে আমরা পূর্ণাঙ্গ দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।’
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মো. শহিদুল্লাহ আজিম বলেন, ‘তোবায় সমস্যা হতে পারে এমন আশঙ্কার কথা আমরা দেড় মাস আগে সরকারকে জানিয়েছিলাম। ২০-২৫ লাখ টাকা হলে বিজিএমইএ দিতে পারত। তবে এখানে পাঁচ-ছয় কোটি টাকার প্রয়োজন।’
শ্রমিকদের দেওয়া তথ্যানুযায়ী, তোবা গ্রুপের এই পাঁচ কারখানার শ্রমিকেরা মে, জুন ও জুলাই মাসের বেতন ও ওভারটাইম এবং ঈদ বোনাস বাবদ চার কোটি ১৩ লাখ ৭৭ হাজার ১২৭ টাকা পাবেন।
জানতে চাইলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (বিটিইউসি) সাধারণ সম্পাদক ওয়াজেদ-উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া নিয়ে টালবাহানা করে তোবা গ্রুপের মালিক অপরাধ করেছেন। সে জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।
দেলোয়ারের মুক্তির জন্যই: দেলোয়ারের মুক্তির জন্য মালিকপক্ষ বেতন-ভাতা না দিয়ে শ্রমিকদের জিম্মি করেছে। অনশনে থাকা অন্তত ১০ জন শ্রমিক এই প্রতিবেদককে এমন তথ্য দিয়ে বলেন, মালিকপক্ষের লোকজন, বিজিএমইএর একজন শীর্ষস্থানীয় নেতা ও পুলিশের দুই কর্মকর্তার প্ররোচনায় গত মাসে তাঁরা রাস্তায় নামেন। তখন শ্রমিকেরা দাবি করেন, ‘বেতন দাও, না হলে মালিককে ফেরত দাও’।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজিএমইএ।
এ বিষয়ে মনির হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘পরে আমরা ভুল বুঝতে পারি। তাজরীনে এত শ্রমিক মারা গেল, এ জন্য শাস্তি হওয়া দরকার। তার পর থেকে আমরা বকেয়া বেতন-ভাতা ও শাস্তির দাবি করে আন্দোলন করছি।’
বিজিএমইএ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত তোবা গ্রুপ ১০টি কার্যাদেশ পেয়েছে। এগুলোর আর্থিক মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৯৭৫ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যা দুই কোটি ১১ লাখ চার হাজার ৭২৬ টাকা।
বিজিএমইএ জানায়, তোবা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পক্ষ থেকে গত ৩০ জুন গ্রুপের লিয়াজোঁ (লিয়েন) ব্যাংক যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দুই কোটি টাকার ঋণ আবেদন করা হয়। তবে দেলোয়ারের অনুপস্থিতিতে ব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানায়।
শাশুড়ি সাত দিন ধরে অবরুদ্ধ: কারখানা ভবনের নবম তলার এক পাশে গ্রিল দিয়ে ঘেরা জায়গায় দেলোয়ারের শাশুড়ি লাইলী বেগমকে গত শুক্রবার বিকেল থেকে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। তবে শ্রমিকেরা তাঁকে প্রতি বেলায় খাবার সরবরাহ করছেন। তবে এই সাত দিনেও তাঁর পরিবারের কেউ তাঁকে দেখতে আসেননি।
গতকাল গিয়ে দেখা যায়, তিনি শুয়ে আছেন। কয়েকবার ডাক দেওয়ার পর তিনি চোখে মেলে তাকান। জানতে চাইলে তিনি বলেন, তোবা গ্রুপের কোনো পদে তিনি নেই। শুক্রবার পুলিশ তাঁকে ডেকে নিয়ে আসে শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে কথা বলতে। তার পরই উত্তেজিত শ্রমিকেরা তাঁকে আটক করে রাখেন।
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে লাইলী বেগম বলেন, ‘আমি কিছু জানি না। তবে কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা।’ খাওয়া-দাওয়ায় সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, না। তবে তিন দিন আগে তাঁর মোবাইল ফোন কেড়ে নেন শ্রমিকেরা।
এ সময় পাশে থাকা এক নারী শ্রমিক বলেন, ‘আমরা না খেয়ে থাকলেও তাঁকে প্রতি বেলায় খাবার দেওয়া হচ্ছে।’ মোবাইলের বিষয়ে তিনি বলেন, চার্জ নাই। তবে সেটি অক্ষত আছে।
বিজিএমইএর সংবাদ সম্মেলন: বিজিএমইএর কার্যালয়ে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি এস এম মান্নান বলেন, তোবা গ্রুপের অন্য পোশাক কারখানাগুলো সচল আছে। এসব কারখানায় প্রতি মাসে শ্রমিকের বেতনই আসে প্রায় আড়াই কোটি টাকা। কিন্তু এর মালিক কারাগারে থাকায় অনেক বিদেশি ক্রেতাই সেখানে কার্যাদেশ দিচ্ছে না। আবার শেয়ারড ভবনে (একই ভবনে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করে) কারখানা হওয়ায় ঠিকা কাজও পাচ্ছে না। ফলে আর্থিক সংকটে পড়ে তোবা গ্রুপ। এর কারণেই শ্রমিকের বেতন-বোনাস হয়নি।
কারাগারে থাকা তোবা ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনের জামিন করানোর জন্যই শ্রমিকদের জিম্মি করে এই ঘটনা ঘটানো হয়েছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী বলেন, ‘উনি (দেলোয়ার) বের হলেই টাকা পাওয়া যাবে, আমরা কিন্তু সেটা বলছি না। আমরা বলছি ব্যাংক একটু সহায়তা করলেই টাকা পাওয়া যাবে। রপ্তানির কার্যাদেশের বিপরীতে ১৫ শতাংশ প্যাকিং ক্রেডিট (ঋণ) পাওয়া যায়। কিন্তু ব্যাংক থেকে পাওয়া গেছে এর অর্ধেক। পুরোটা পেলে শ্রমিকদের বেতন-বোনাস দিয়ে দেওয়া যেত।’
প্রতিমন্ত্রীর বক্তব্য: শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘বিজিএমইএ ও তোবা গ্রুপের কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছিলেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করবেন। তবে খুবই দুঃখজনক, আজকে (গতকাল) পর্যন্ত পাওনাদি পরিশোধ হয় নাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, রোববার-সোমবারের মধ্যে দেলোয়ার হোসেন নিশ্চয়ই মুক্ত হবেন। জেল থেকে বেরিয়ে আসলেই শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা হবে। আর যদি না করেন তবে সরকারপক্ষ থেকে যে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া দরকার সবই করা হবে।’