তোমার বাড়ি রঙের বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লাখ টাকায় আজকাল আর বাড়ি হয় না। বাড়ি বানাতে কোটি টাকাও লাগতে পারে। কিন্তু বাড়িটা যদি জুতসই রঙে না রাঙাতে পারেন, তাহলে এত ব্যয় অনেকটা মূল্যই হারাবে। আগের তুলনায় বাড়ির রঙের ধাঁচে এখন অনেক পরিবর্তন এসেছে। আগে বাড়িতে চুনকামই ভরসা ছিল কিংবা কোনোরকমে একটা দিলেই হতো। খুব বেশি হলে সাদার বাইরে সবুজ, নীল, গোলাপিতে রাঙিয়ে সন্তুষ্ট থাকতেন অনেকেই।
তবে আজকাল বসার ঘরের রং এক রকম হয় তো, শোবারটা অন্য রঙের। ঘরের বাইরের দেয়ালে স্থান ও ডিজাইনভেদে ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার হয়। এর সঙ্গে রং টেকসই হবে কি না, সে ভাবনা তো আছেই।
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের ইন্টেরিয়ার ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরী বলেন, এখন ঘর রঙের মধ্য দিয়ে নিজের ব্যক্তিত্ব, মানসিকটাও ফুটিয়ে তুলতে চান অনেকে। আর আগে বাড়ির কাজ শেষ হওয়ার পরই রং করার কথা ভাবা হতো। এখন ডিজাইনের সময়ও রঙের দিকটা ভাবা হয়।
বাড়ির বাইরে রং করার ক্ষেত্রে যে রং ব্যবহার করছেন, সেটি রোদ-বৃষ্টিতে টেকসই হবে কি না, সেটি মাথায় রাখতে হয়।
রাজধানীর কারওয়ান বাজার ও নিউমার্কেটের বেশ কয়েকটি রঙের দোকানে কথা বলে জানা গেছে, বাড়ির বাইরের দেয়ালের জন্য এ ধরনের রঙের চাহিদাই ক্রেতাদের কাছে বেশি। এ জন্য বিভিন্ন নামে রং তৈরির প্রতিষ্ঠানগুলোর নানা রং বাজারে রয়েছে।
যেমন বার্জারের রয়েছে ওয়েদার কোট লংলাইফ, ওয়েদার কোট স্মুথ ক্লাসিক নামে দুই ধরনের রং। এলিট পেইন্টের মাস্টার কোট প্রিমিয়াম ও মাস্টার কোট। রক্সি পেইন্টের ওয়েদার গার্ড ও ওয়েদার গার্ড সিলার এবং এশিয়ান পেইন্টের অ্যাপেক্স ওয়েদার প্রুফ নামে রোদ-বৃষ্টিবান্ধব রং বাজারে রয়েছে।
এ ধরনের রঙের কোম্পানিভেদে সামান্য কমবেশি হয়। প্রতি লিটারের মূল্য ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত হয়। তবে গ্যালনের আকারভেদে দাম একটু কমবেশি হয়।
এ ছাড়া বাড়ির বাইরের দেয়ালের জন্য বিভিন্ন ধরনের রং রয়েছে কোম্পানিগুলোর। যেমন বার্জারের রয়েছে রবিয়েলাক সিনথেটিক এনামেল গোল্ড, রবিয়েলাক এক্সটেরিয়র ইমালশন, এলিট পেইন্টের এলিটসেম, সুপ্রিম এলিটসেম, রক্সি পেইন্টের রক্সি ওয়ালকেয়ার, এশিয়ান পেইন্টের অ্যাপেক্স আলটিমা ইত্যাদি রং পাওয়া যায়।
বাড়ির ভেতরের দেয়ালে রং করার ক্ষেত্রে আগে অফ হোয়াইট কিংবা সাদার প্রচলন বেশি ছিল। অনেকে হালকা সবুজ, ছাই কিংবা গোলাপি রংও ব্যবহার করতেন। তবে এখন দিনে বদলেছে। বসার ঘরটা এক রঙের হলে, শোবার ঘরটা অন্য রং হয়। আবার বাচ্চাদের ঘরের রংটা তাদের জন্য মানানসই করে রাঙানো হয়।
ইন্টেরিয়র ডিজাইনার গুলশান নাসরীন চৌধুরী বলেন, শুধু আলাদা কক্ষের রংই ভিন্ন হয় না। এখন একটি কক্ষের চার দেয়ালের রংও এক রকম হয় না এখন। যেমন বসার ঘর দিয়ে রুচি, ব্যক্তিত্বদের জানান দিতে চান অনেকে।
বাড়ির ভেতরের দেয়ালের ক্ষেত্রে এখন প্লাস্টিক পেইন্টের ব্যবহার বেশি। এরপর রয়েছে ডিসটেম্পারের ব্যবহার। লাক্সারি সিল্কের দাম বেশি বলে ব্যবহার কম। তবে ইন্টেরিয়র ডিজাইনারদের মতে দাম একটু বেশি হলেও লাক্সারি সিল্ক ব্যবহার করতে পারলে ভালো। কারণ ময়লা হয়ে গেলে মুছে ফেললে কিংবা ধুয়ে ফেলা যায়।
প্লাস্টিক পেইন্টও ময়লা হলে মুছে ফেলা যায়। আর দাম কম বলে এর ব্যবহারও বেশি। এক লিটার, চার লিটার ও ১৮ লিটার—এ চারটি পরিমাণে বাজারে পাওয়া যায় এ ধরনের রং। আর চাইলে নিজের পছন্দমতো রংও তৈরি করে নিতে পারেন। আজকাল রং কোম্পানিগুলো ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের কালার ব্যাংকের মাধ্যমে পছন্দসই রং তৈরি করে দেয়।
প্লাস্টিক রঙের দাম লিটারপ্রতি সাধারণত ২০০ থেকে ২২০ টাকা। ডিসটেম্পার ১০০ থেকে ১১০ টাকা। তবে গ্যালনের আকারভেদে ও কোম্পানিভেদে দাম এদিক-সেদিক হতে পারে।