তৈরি পোশাক কারখানার অগ্নিনিরাপত্তা নিয়ে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকার তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির সঙ্গে চুক্তি করেছে আন্তর্জাতিক অগ্নিনিরাপত্তা প্রতিষ্ঠান ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন (এনএফপিএ)।
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিরাপদ করতেই এই চুক্তি করা হয়েছে বলে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অ্যালায়েন্স। প্রতিষ্ঠান দুটির মধ্যে ১৭ সেপ্টেম্বর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অ্যালায়েন্সের পরিচালনা পর্ষদের প্রধান ও সাবেক কংগ্রেসম্যান অ্যালেন টশার বলেন, ‘ এনএফপিএর সঙ্গে আমাদের এই চুক্তি আমাদের সদস্যভুক্ত কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।’ চার বছর মেয়াদি এই চুক্তির মধ্যে রয়েছে—এনএফপিএর অগ্নিনিরাপত্তার মানগুলো মেনে চলতে কারখানাগুলোতে সচেতনতা তৈরি, অগ্নিদুর্ঘটনা রোধে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ দান, অ্যালায়েন্স অন্তর্ভুক্ত কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ তথ্যের ব্যবস্থা করা।
চুক্তি অনুযায়ী অ্যালায়েন্স ও এনএফপিএর কর্মকর্তারা একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে কাজ করবেন। বছরে অন্তত একবার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠকে মিলিত হবে উভয় পক্ষ। এসব বৈঠকের সিদ্ধান্ত দুটি প্রতিষ্ঠানের ওযেবসাইটে প্রকাশ করা হবে।
এনএফপিএ-প্রধান জেমস পাউলি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যারা অগ্নিনিরাপত্তা নিয়ে কাজ করেন তাদের জন্য এ উদ্যোগ সহায়ক হবে।