
পোশাক খাতে নতুন এক সম্ভাবনা জাগিয়েছে ডেনিম বা জিনস পণ্য। ব্যবসায়ীরাও বিনিয়োগ বাড়াচ্ছেন, বিদেশি ক্রেতাদের আগ্রহ বাড়ছে ডেনিমে। ডেনিমের উন্নয়নে তাই আলাপ-আলোচনা, প্রদর্শনী ক্রমেই বাড়ছে।
ব্যবসায়ী ও শিল্প-উদ্যোক্তারা বলছেন, এ খাত বাংলাদেশের রপ্তানি আয়কে আরও এক ধাপ এগিয়ে নেবে। যদিও বাংলাদেশে ডেনিম পোশাক তৈরিতে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাপড় এখনো উৎপাদন হচ্ছে না। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীন থেকে আসছে বড় একটা অংশ।
রাজধানীর র্যাডিসন হোটেলে গতকাল বুধবার দুই দিনব্যাপী ডেনিমস অ্যান্ড জিনস প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী ঘুরে উদ্যোক্তা, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে সম্ভাবনার এ তথ্যগুলো মিলেছে। প্রদর্শনীতে বাংলাদেশসহ ছয় দেশের ডেনিম কাপড়, পোশাক প্রস্তুত সরঞ্জাম, রাসায়নিক পণ্য উৎপাদনকারী ২৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ডেনিম পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয়। গত বছর শুধু যুক্তরাষ্ট্রে ৪৬ কোটি মার্কিন ডলারের সাত কোটি ৪৩ লাখ পিস এবং ইউরোপীয় ইউনিয়নে ৭৭ কোটি ডলারের ১৪ কোটি পিস ডেনিম পণ্য (জিনসের প্যান্ট, শার্ট, জ্যাকেট, ব্লেজার ইত্যাদি) রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। ২০১২ সালে এই রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ছয় কোটি ৬৪ লাখ ও ১১ কোটি পিস।
তথ্যগুলো মিলেছে ডেনিমঅ্যান্ডজিনস ডট কম থেকে। এই ওয়েবসাইটির স্বত্বাধিকারী বালাজি এন্টারপ্রাইজ। ভারতের প্রতিষ্ঠানটি ঢাকায় দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া ব্রাজিলের প্রতিষ্ঠান ভিকুলিনের কর্মকর্তা জুলিয়েন আইকেলম্যান বলেন, তাঁদের প্রতিষ্ঠান মূলত ইইউ ও এশিয়া অঞ্চলে ব্যবসা করে। তবে সম্প্রতি ইইউর অনেক ক্রেতাপ্রতিষ্ঠানই বাংলাদেশে আসছে। সে জন্য তাঁরাও তাঁদের বাজার বাড়াতে এ দেশে এসেছেন। কারণ, শ্রীলঙ্কায় তাঁদের একটি পণ্যের গুদাম আছে। যেখান থেকে সহজেই পণ্য সরবরাহ করতে পারে প্রতিষ্ঠানটি। তিনি জানালেন, ভিকুলিন মাসে এক কোটি ৭০ লাখ মিটার ডেনিম কাপড় তৈরি করে।
ভারতের এলএনজে ডেনিমের মহাব্যবস্থাপক উদয় ডি রানে বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা বাংলাদেশে ডেনিম কাপড় রপ্তানি করেন। প্রদর্শনীতে আসার উদ্দেশ্য হচ্ছে, বিদেশি ক্রেতাদের ধরা। কারণ, বাংলাদেশ বর্তমানে তৈরি পোশাক ব্যবসার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। এখানে সব সময়ই ক্রেতাদের আনাগোনা থাকে।
বাংলাদেশে ২৪-২৫টি ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রদর্শনীতে অংশ নিয়েছে এনভয় টেক্সটাইল, হা-মীম ডেনিম ও প্যাসিফিক ডেনিম লিমিটেড।
এনভয়ের ব্যবস্থাপক (বিপণন) আশিকুল হক খান জানান, প্রতিষ্ঠানটি স্থানীয় কারখানার কাছে বিক্রির পাশাপাশি সরাসরি রপ্তানি করে ডেনিম কাপড়। বর্তমানে মাসে ৩৬ লাখ মিটার ডেনিম কাপড় উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে দেশের কারখানাগুলোর মাসিক ডেনিম কাপড়ের চাহিদা সাড়ে চার কোটি মিটার।
ডেনিমের ব্যবসার বিষয়ে আশিকুল হক বলেন, ‘মাঝখানে রাজনৈতিক পরিস্থিতি ও রানা প্লাজা ধসের পর কিছুটা সমস্যা হয়েছিল। তবে ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে এসেছে। ফলে তাঁরা আবার আসতে শুরু করেছেন।’ প্রদর্শনী নিয়ে তিনি বলেন, এখানে ক্রেতাদের সব ধরনের কাপড়ের পাশাপাশি মান ও দাম একই সঙ্গে জানানো যায়। এটি খুবই ইতিবাচক।
অন্যদিকে প্যাসিফিকের উপমহাব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, ২০০৬ সাল থেকে দেশীয় পোশাক কারখানাগুলোর কাছে ডেনিম কাপড় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের উৎপাদনক্ষমতা বছরে দেড় কোটি গজ কাপড়। তবে কারখানা বর্ধিত করার কাজ চলছে, আগামী এপ্রিলে প্যাসিফিকের উৎপাদনক্ষমতা দাঁড়াবে প্রায় তিন কোটি গজ।
গতকাল সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সহসভাপতি মানসুর আহমেদ, বালাজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্দীপ আগরওয়াল প্রমুখ।
অনুষ্ঠান শেষে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডেনিম খুবই সম্ভাবনাময়। কারণ, এ পণ্যে মূল্য সংযোজনের হার ৬০ থেকে ৭০ শতাংশ। যেখানে ওভেনে মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ। তা ছাড়া বিশ্বে ডেনিমের বড় বাজার আছে। দেরিতে হলেও বাংলাদেশের উদ্যোক্তারা ডেনিমে আসছেন। তবে বড় বিনিয়োগের জন্য গ্যাস নিশ্চিত করতে হবে।