তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৯ শতাংশ
তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা স্বস্তি ফিরেছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে প্রায় ১২ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি নিয়ে যাত্রা শুরু করেছিল সর্বোচ্চ রপ্তানি আয়ের এ খাতটি। তবে অর্থবছরের প্রথমার্ধ বা ছয় মাস শেষে পোশাক রপ্তানি বেড়েছে ৯ শতাংশের বেশি।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর—এই ছয় মাসে বাংলাদেশ থেকে ১ হাজার ৩১৩ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই পরিমাণ আয় ১ হাজার ২৯৬ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ বেশি। একই সঙ্গে তা গত ২০১৪-১৫ অর্থবছরের ১ হাজার ২০২ কোটি ডলারের রপ্তানির চেয়ে ৯ দশমিক ২৬ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ (ইপিবি) আজ মঙ্গলবার দেশের পণ্য রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট ১ হাজার ৬০৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ১ হাজার ৫৮৬ কোটি ৫০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৩৮ শতাংশ এবং গত বছরের ১ হাজার ৪৯১ কোটি ৪২ লাখ ডলার রপ্তানির চেয়ে ৭ দশমিক ৮৪ শতাংশ বেশি।
অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের মোট পণ্য রপ্তানির ৮১ দশমিক ৬৬ শতাংশই পোশাক খাত থেকে এসেছে। রপ্তানি হওয়া ১ হাজার ৩১৩ কোটি ডলারের পোশাকের মধ্যে ‘নিট পোশাক’ ৬৪৩ কোটি ও ‘ওভেন পোশাক’ ৬৭০ কোটি ডলার। এর মধ্যে ওভেন খাতে সর্বোচ্চ ১২ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর নিটে হয়েছে ৬ দশমিক ১১ শতাংশ।
ইপিবির তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, পোশাক রপ্তানিতে চলতি অর্থবছরের চতুর্থ মাস থেকে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি হচ্ছে। জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছিল সাড়ে ৩ শতাংশ। পরের তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৪৪, ৮ দশমিক শূন্য ৭ এবং ৯ দশমিক ২৬ শতাংশ।
এদিকে শুধু ডিসেম্বরে ৩২০ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের ডিসেম্বরের ২৮৪ কোটি ডলারের চেয়ে ১২ দশমিক ৬৬ শতাংশ বেশি। এ ছাড়া ৩২০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে আয় ৭ দশমিক ৩০ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথমার্ধে পোশাকের বাইরে অন্য প্রধান রপ্তানি পণ্যের অনেকগুলোর ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। এ তালিকায় আছে পাট ও পাটজাত পণ্য, চিংড়ি, ছয় ধরনের কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও বাইসাইকেল।
ইপিবি বলছে, আলোচ্য সময়ে ২৫ কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের ৩২ কোটি ডলারের রপ্তানির চেয়ে ২২ শতাংশ কম। কৃষিজাত পণ্যের রপ্তানি আয় ২৬ কোটি ৬৮ লাখ ডলার। এই আয় গতবারের রপ্তানি আয়ের চেয়ে সাড়ে ১৮ শতাংশ কম। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৪২ কোটি ডলার আয় হয়েছে। তবে তা গত অর্থবছরের প্রথমার্ধের চেয়ে ১ দশমিক ৩৫ শতাংশ কম। আবার চামড়া ও চামড়াজাত পণ্যে ৫৬ কোটি ডলারের রপ্তানি আয় হলেও গতবারের চেয়ে তা প্রায় ২ শতাংশ কম।