তৈরি পোশাকের রপ্তানি শ্লথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক রপ্তানির গতি অনেকটা শ্লথ হয়ে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ওভেন পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দেড় শতাংশ কমেছে। তবে নিট পোশাক রপ্তানি বেড়েছে ২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায় যে নিট বা ওভেন পোশাক কোনো ক্ষেত্রেই আলোচ্য সময়ের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় শতাংশ কম হয়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় দাঁড়িয়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। আর পাঁচ মাসে ওভেন পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৭৫ কোটি ৩৫ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ১০ শতাংশ কম।
যোগাযোগ করা হলে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির সহসভাপতি শহীদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাকের রপ্তানি কমেছিল প্রায় সাড়ে চার শতাংশ। সে তুলনায় পাঁচ মাসে পরিস্থিতির অনেকটই উন্নতি হয়েছে। কাজেই অতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। রপ্তানি কমে যাওয়ার এই প্রবণতা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গিয়ে ঘুরে দাঁড়াবে এবং একটি ভালো প্রবৃদ্ধি হবে বলে আমরা আশাবাদী।’
ইপিবির পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১৯৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে দশমিক ৯২ শতাংশ বেশি। আর এটি আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ২৩ শতাংশ কম।
অবশ্য মাসওয়ারি বিবেচনায় অর্থাৎ গত বছরের নভেম্বর মাসের তুলনায় চলতি নভেম্বর মাসে রপ্তানি বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। গত বছর নভেম্বর মাসে যেখানে ২২১ কোটি ২৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, সেখানে এ বছর নভেম্বর মাসে তা ৫ দশমিক ২৩ শতাংশ বেড়ে হয়েছে ২৪১ কোটি ৭৪ লাখ ডলার।
ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণের দেখা যায়, তৈরি পোশাক ছাড়া অন্য প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসামগ্রী, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। অন্যদিকে, হিমায়িত খাদ্য ও কাঁচা পাটের রপ্তানি কমেছে।