তৈরি পোশাক কারখানার ডিজিটাল মানচিত্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ডিজিটাল মানচিত্রের আওতায় আসছে বাংলাদেশের সব তৈরি পোশাক কারখানা। কাজটি সম্পন্ন হলে গুগল ম্যাপে পোশাক কারখানাগুলোর নাম-ঠিকানাসহ ভৌগোলিক অবস্থান, শ্রমিকের সংখ্যা, নারী ও পুরুষ শ্রমিকের সংখ্যা, উৎপাদন চালু না বন্ধ, কোন ধরনের পণ্য তৈরি হয়, ক্রেতা কারা, নিকটবর্তী হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন কোথায়, ট্রেড ইউনিয়নের সঙ্গে কারখানার সম্পৃক্ততা ইত্যাদি তথ্য পাওয়া যাবে।

ডিজিটাল মানচিত্রে নিজেদের যেকোনো তথ্য হালনাগাদ করার জন্য প্রতিটি কারখানার একটি অ্যাকাউন্ট থাকবে। ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ (ডিআরএফএম-বি) প্রকল্পের আওতায় কাজটি করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি)। সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহায়তায় চার বছরের মধ্যে কাজটি করবে সিইডি।

রাজধানীর বিজিএমইএর কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে গতকাল শনিবার প্রকল্পটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব, সিঅ্যান্ডএ সোর্সিং বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিনহা, সিইডির উপদেষ্টা রহিম বি তালুকদার ও প্রকল্পের পরিচালক পারভীন সুলতানা হুদা।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘পোশাকশিল্পের টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল ম্যাপিং সাহায্য করবে।’

সিদ্দিকুর রহমান বলেন, কিছু এনজিও, শ্রমিকনেতা ও বুদ্ধজীবী পোশাকশিল্প নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। এর জন্য শিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকেরা চাকরি হারাবেন। তিনি বলেন, ‘অনেকে মনে করে, সব ব্যবসায়ী লুটেপুটে খাচ্ছে। কিন্তু আমরা যে চাকরি দিচ্ছি, সেটি কেউ বলে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, যাদের দেশে ট্রেড ইউনিয়ন নাই, তারাই আমাদের শতভাগ কারখানায় ট্রেড ইউনিয়ন করতে চাপ দেয়। কম দামে পণ্য কেনার জন্যই ক্রেতারা আমাদের চাপে রাখছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অ্যাকর্ড বায়না ধরেছে ২০২১ সাল পর্যন্ত থাকবে। নতুন করে তারা শ্রমিক অধিকারের বিষয়টি দেখবে। তবে এটি শ্রম মন্ত্রণালয় ও আইএলওর বিষয়।

তোফায়েল আহমেদ বলেন, সবারই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা উচিত। সহায়ক সরকার চাই, ওইটা মানি না—এ ধরনের কোনো দাবি কাজ হবে না। এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনারের মাধ্যমে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, ‘আশা করি, সব রাজনীতিক আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।’