তৈরি পোশাক শিল্পপার্ক উন্নয়নে কোম্পানি হচ্ছে
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় তৈরি পোশাক শিল্পপার্ক উন্নয়নে একটি কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট শিল্পের মালিকেরা।
এই কোম্পানিই বিদেশি প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর, প্লট বরাদ্দের নীতিমালা ও অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য কাজ করবে।
বিজিএমইএ কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত হয়। বৈঠকে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
বৈঠক শেষে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কোম্পানি প্রতিষ্ঠার জন্য ১০-১১ সদস্যের একটি কমিটি হবে। এতে দুই সংগঠনের নেতারা থাকবেন। তিনি জানান, চলতি মাসেই বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ শতাংশ সুদে এক হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিতে চুক্তি স্বাক্ষর করা হবে।
অবশ্য এ জন্য চীনের দুটি প্রতিষ্ঠান হংকং কেআরডি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড এবং দাদা অ্যান্ড কোম্পানির মধ্যে কোনটিকে চূড়ান্ত করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, বাউশিয়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। এখন ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।
শহিদুল্লাহ আজিম আরও বলেন, প্লটের জন্য ক্ষুদ্র ও মাঝারি কারখানার অনেকে আবেদন করেছেন। তবে প্লট বরাদ্দে একটি নীতিমালা তৈরি করবে কোম্পানি। সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।