তৈরি পোশাকশিল্পে ৩৭ লাখ ডলারের ক্রয়াদেশ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান হরতাল-অবরোধের কারণে আবার ক্ষতি গুনতে শুরু করেছেন পোশাক কারখানার মালিকেরা। ইতিমধ্যে ৩৭ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এর সঙ্গে মূল্যছাড়, উড়োজাহাজে পণ্য পাঠানো, জাহাজীকরণে বিলম্ব ও নাশকতার ক্ষতি যোগ করে লোকসান ৬১ লাখ ডলারে দাঁড়ায়।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে এই ক্ষতির হিসাব পাঠিয়েছে পাঁচটি কারখানা। কারখানাগুলো হচ্ছে ম্যাগপাই নিটওয়্যার, ম্যাগপাই কম্পোজিট, ক্রিয়েটিভ উলওয়্যার, বেঙ্গল পোশাক ও আর্ভা টেক্সটাইল। এর মধ্যে প্রথম তিনটি প্রতিষ্ঠান ম্যাগপাই গ্রুপের। বিজিএমইএ ১২ জানুয়ারি বর্তমান রাজনৈতিক অস্থিরতায় যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার হিসাব চেয়ে সদস্যদের কাছে চিঠি পাঠায়। তারপর ১৪ জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পাঠিয়েছে কারখানাগুলো।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, টানা হরতাল-অবরোধে পাঁচ কারখানার ৩৭ লাখ ৪ হাজার ৮৫০ ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে। ক্রেতা প্রতিষ্ঠানকে মূল্যছাড় দিয়ে ক্ষতি ৩৯ হাজার ৯০১ ডলার। উড়োজাহাজে পণ্য পাঠাতে বাড়তি খরচ হয়েছে ৭১ হাজার ৫০৮ ডলার। নাশকতায় ক্ষয়ক্ষতি ১ হাজার ২৮২ ডলার। আর জাহাজীকরণে বিলম্ব বা আটকে পড়েছে ২২ লাখ ৯৮ হাজার ৮৮১ ডলারের পণ্য। সব মিলিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৪২২ ডলারের ক্ষতি, দেশি মুদ্রায় যা প্রায় ৪৮ কোটি ৯৩ লাখ টাকা। ২০১৩ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পোশাকশিল্প মালিকদের মূল্যছাড় দিতে হয়েছিল ৯ হাজার কোটি টাকার পণ্য। আর বেশি অর্থ দিয়ে উড়োজাহাজে পাঠাতে হয়েছিল সাড়ে ৫ হাজার কোটি টাকার পণ্য।
গত সোমবার ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। এতে ক্রেতারা জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে নয়টি ক্রেতা প্রতিষ্ঠান সাময়িকভাবে তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে যাচ্ছে। এ ছাড়া অনেক প্রতিষ্ঠানই হিসাব-নিকাশ করে স্বাভাবিকের চেয়ে কম ক্রয়াদেশ দিচ্ছে। তারা বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা ক্রয়াদেশ বাড়াবে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘আগের চেয়ে এ বছর ইউরোপ ও আমেরিকায় পোশাকের খুচরা বিক্রি বেড়েছে। সেই হিসাবে আমরা বেশি ক্রয়াদেশ পাওয়ার আশা করছিলাম। তবে বাস্তবতা হচ্ছে, ক্রয়াদেশই বাতিল হচ্ছে কারও কারও।’ তিনি আরও বলেন, অনেক কারখানার মালিকই স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ কম কার্যাদেশ পাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতা শুরু হওয়ার বেশ কয়েক দিন পর পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারায় ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পাঠানো শুরু হয়। তত দিনে অনেকের গুদামেই রপ্তানিপণ্য জমে গিয়েছিল। সে জন্য ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি ছিল। এবার টানা অবরোধের প্রথম দিন ৬ জানুয়ারি থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়ায় সমস্যা কম হচ্ছে। তা ছাড়া এখন রপ্তানি হওয়া পণ্যের মধ্যে মূলত গ্রীষ্ম মৌসুমের পোশাক হওয়ায় পরিবহন কম লাগছে।
এ বিষয়ে শহিদউল্লাহ আজিম বলেন, এখন ক্রয়াদেশ কম পেলে বিরাট সমস্যা হবে। কারণ ক্রয়াদেশের বিপরীতে ঋণপত্র খুলে মালিকেরা প্যাকিং ক্রেডিট নিতে পারেন। এটি না হলে অর্থসংকটে পড়ে অনেকেই শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারবেন না।