তৈরি পোশাকশিল্পের জন্য বিশেষায়িত ব্যাংক চায় বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের জন্য সরকারের কাছে একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার দাবি করেছে এই শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে বিজিএমইএ আয়োজিত বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড সেফটি এক্সপোর দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকালে ফাইন্যান্সিং অ্যাপারেলস গ্রোথ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম।
বিজিএমইএ আয়োজিত তিন দিনের এই এক্সপো শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত ডিসেম্বরে ঢাকায় আয়োজিত অ্যাপারেলস সামিটে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী ও সেমিনার। ফলে পুরো আয়োজনেই কীভাবে পোশাক রপ্তানির ওই লক্ষ্যে পৌঁছানো সম্ভব তা নিয়ে আলোচনা হচ্ছে।
সেমিনারে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের ৪০ শতাংশ পোশাক কারখানাই শেয়ারড বিল্ডিংয়ে (অন্য ভবনে থাকা কারখানা)। এসব কারখানাকে একটি মানে পৌঁছতে হলে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। না হলে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে ক্রয়াদেশ দিবে না।’
এই খাতে বিশেষায়িত ব্যাংকের গুরুত্ব তুলে বিজিএমইএ সভাপতি বলেন, দেশের পোশাক কারাখানার কর্মপরিবেশ উন্নয়ন, নতুন বিনিয়োগ ও পণ্যের উৎপাদন ব্যয় কমাতে কম সুদে ঋণ প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে জাপানের বৈদেশিক সহায়তা সংস্থা জাইকা শূন্য দশমিক ০১ শতাংশ সুদহারে ৪০ বছরের জন্য আমাদের ঋণ দিয়েছে। তবে কারখানা মালিকদের কাছে পৌঁছাতে পৌঁছাতে সেই সুদের হার ১০ শতাংশে গিয়ে দাঁড়ায়। কারণ এই ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংক এক শতাংশ, সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার ও বাণিজ্যিক ব্যাংক পাঁচ শতাংশ মুনাফা করছে।’ তিনি ব্যাংকের এই পরিমাণ মুনাফায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সুদে ঋণ নিলে আমাদের পণ্যের উৎপাদন খরচ যাবে বেড়ে। আমরা প্রতিযোগিতার সক্ষমতা হারাবো।’
বিজিএমইএর এই দাবির পরিপ্রেক্ষিতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করব, পোশাকশিল্পের জন্য বিশেষায়িত ব্যাংক করা যায় কি-না। যেটি এই খাতের প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করবে।’ তিনি বলেন, কৃষি ও কর্মসংস্থানের জন্য বিশেষায়িত ব্যাংক থাকলে পোশাকশিল্পের জন্যও হতে পারে।
ঋণের সুদ হার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মুনাফা করা বাংলাদেশে ব্যাংকের কাজ না। তাদের কাজ সেবা দেওয়া। এটি না হলে শিল্পকারখানা ভুক্তভোগী হয়। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের সুদের হার অতিরিক্ত করে যাতে মুনাফা করতে না পারে সে জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আরও জোরদার করা উচিত।’
ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে পরিকল্পনামন্ত্রী ইতিবাচক মনোভাব দেখানোয় জানতে চাইলে বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের বলেন, ঢাকায় ফিরেই ব্যাংকের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে আবেদন করবেন।
ফাইন্যান্সিং অ্যাপারেলস গ্রোথ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিজিএমইএর উপদেষ্টা মামুন রশীদ। তিনি বলেন, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের ব্যাংকের উচিত আরও বেশি করে বিদেশি অর্থায়ন নিয়ে আসা। এটি করা গেলে কারখানা মালিকেরা কম সুদে ঋণ পাবেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘৫ হাজার কোটি ডলারের লক্ষ্যে যেতে হলে শুধু দেশি বিনিয়োগ দিয়ে হবে না। সে জন্য অবশ্যই বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আর এই বিনিয়োগের একটি অংশ শ্রমিকদের দক্ষতা ও পানির ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কারণ এক কেজি কাপড় ডাইংয় করতে ৩০০ লিটার পানি প্রয়োজন হয়।’ তিনি বলেন, দীর্ঘ মেয়াদে পোশাকশিল্পের সক্ষমতা ধরে রাখতে হলে পরিবেশ রক্ষার ওপর জোর দিতে হবে।
সেমিনারে একাধিক বক্তা ছোট ও মাঝারি পোশাক কারখানার মানোন্নয়ন ও স্থানান্তরের জন্য সহজ শর্ত ও কম সুদে ঋণ দেওয়ার বিষয়ে কথা বলেন। তাঁদের অভিমত ৫ হাজার কোটি ডলার পোশাক রপ্তানির লক্ষ্যে পৌঁছতে এসব কারখানা গুরুত্বপূর্ণ। পরে মুক্ত আলোচনায় বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘বিভিন্ন কারণে সমস্যায় আছে ছোট ও মাঝারি কারখানা। অনেক কারখানাই বন্ধ হয়েছে, কিছু বন্ধের অপেক্ষায় আছে। তাই ছোট ও মাঝারি কারখানা আমরা আর চালাব নাকি বন্ধ করে দেব সেই বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, দক্ষিণ আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন, কলোরাডো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জেনিফার বেয়ার প্রমুখ। বিকেলে ২০২১ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলার অর্জনের জন্য বন্দর, কাস্টমস, গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে তৈরি পোশাক, ফেব্রিকস, পোশাকশিল্পের সরঞ্জাম ও যন্ত্রপাতি, অগ্নিনির্বাপক যন্ত্র, সেবাদান প্রতিষ্ঠান ও বিজিএমইএর স্টল আছে ৬৬ টি। কাল শনিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত।