তৈরি পোশাকশিল্পের মতো উৎসে কর কম দিতে চান শতভাগ রপ্তানিমুখী পণ্যের ব্যবসায়ীরা। পোশাক খাতের উদ্যোক্তারা বর্তমানে রপ্তানিমূল্যের ওপর শূন্য দশমিক ৩০ শতাংশ আয়কর দেন। আর বাকিরা দেন শূন্য দশমিক ৬০ শতাংশ আয়কর। তাঁদের বক্তব্য, উৎসে করের বিধান সব রপ্তানিকারকের জন্যই সমান হওয়া উচিত।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে উৎসে কর কমানোর এই প্রস্তাব করেছে প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ), হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি (বিএফএফইএ) ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)। এ ছাড়া প্রচ্ছন্ন রপ্তানিকারক স্পিনিং ও উইভিং মিলের পণ্য রপ্তানির ক্ষেত্রেও একই সুবিধা চেয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। অবশ্য টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ করার পক্ষে। সুবিধাটি আগামী পাঁচ বছরের জন্য প্রস্তাব করেছে সংগঠনটি।
রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে গতকাল বুধবার প্রাক্-বাজেট আলোচনায় বিষয়টি তুলে ধরেন রপ্তানিকারকেরা। তাঁরা কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি শুল্ক হ্রাস বা প্রত্যাহার, আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) নিয়ে দাবিদাওয়া তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের (বিজেজিএ) ভাইস চেয়ারম্যান এস আহমেদ মজুমদার বলেন, সারা দেশের ২৪৭টি পাটকলের ৫৫-৬৫ শতাংশ পণ্য রপ্তানি করলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা দেওয়া হয় না। এ ছাড়া পাট অধিদপ্তরের নিবন্ধন ফি ২০১০ সালে ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। গত বছর এই নিবন্ধন ফির ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়। এর ফলে ক্ষুদ্র রপ্তানিকারকেরা নিরুৎসাহিত হচ্ছেন। তিনি পাটপণ্য রপ্তানিতে ৩ শতাংশ হারে প্রণোদনা ও নিবন্ধন ফি কমানোর দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে নজিবুর রহমান বলেন, ‘পাটশিল্প বিকাশে যা যা করণীয়, আমরা তা করব।’
এদিকে হিমায়িত খাদ্য রপ্তানিতে সরকারের দেওয়া নগদ প্রণোদনার ওপর ৫ শতাংশ অগ্রিম আয়কর কর্তন বন্ধ করার দাবি জানিয়েছেন এস এম আমজাদ হোসেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির এই সভাপতি বলেন, ‘নগদ সহায়তা কোনো লভ্যাংশ নয়, খরচেরই অংশ। যা কিনা রপ্তানিমূল্যকে আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগীসক্ষম করতে সহায়তা করে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, বাসবার ট্রাঙ্কিং পদ্ধতি টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ড প্রতিরোধের ক্ষেত্রে আধুনিক বিদ্যুৎসঞ্চালনব্যবস্থা। তবে চলতি অর্থবছরের বাজেটে এই পণ্যটির আমদানি শুল্ক ২ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়। একই সঙ্গে পণ্যটির ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতির সুবিধা প্রত্যাহার করা হয়। তিনি বাসবার ট্রাঙ্কিং পদ্ধতি রেয়াতি সুবিধা প্রদানের মাধ্যমে আমদানির ব্যবস্থা করার অনুরোধ জানান।
এ ছাড়া বিটিএমএর পক্ষে সংগঠনটির সাবেক সভাপতি এ মতিন চৌধুরী স্থানীয় ঋণপত্রের মাধ্যমে সরবরাহ করা পণ্যের বিল পরিশোধের ক্ষেত্রে ৩ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানান।
গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিকস মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-উর-রশীদ বলেন, আমদানি করা পণ্য কোনো কারণে নিলামে তোলা হলে তা যেন আগে মালিকপক্ষকে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। না হলে ব্যবসায়ী ও সরকার উভয়েই ক্ষতিগ্রস্ত হবে।
এ প্রসঙ্গে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন প্রতিবছর আমদানি-রপ্তানি ১৪-১৫ শতাংশ হারে বৃদ্ধির তথ্য জানিয়ে বলেন, সব সময় বন্দর ইয়ার্ড (পণ্য রাখার স্থান) খালি রাখতে হবে। ৩০ দিনের মধ্যে পণ্য না নিলে নিলাম হবে। হংকংয়ে এই সময় মাত্র ১৪ দিন।
এনবিআরের চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শিল্প সম্প্রসারণ ও উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব এনবিআরের। কাস্টমস কমিশনারের কোনো সিদ্ধান্তে খুশি না হলে আপনারা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে (এডিআর) যেতে পারেন। তিনি জানান, চট্টগ্রাম কাস্টমসের নেতৃত্বে পরিবর্তন করা হচ্ছে।