তৈরি পোশাকের রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে
চলতি অর্থবছরের ১১ মাসে ওভেন পোশাক ও নিট পোশাকের রপ্তানিতে আয় হয়েছে যথাক্রমে ৮৬৯ কোটি ৭০ লাখ ও ৮৫৭ কোটি ১০ লাখ ডলার। তবে অর্থবছর শেষে দুই ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।তবে কয়েকটি কারখানায় কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্য কিছু ক্ষেত্রে জাহাজীকরণ বিলম্বিত হয়েছে, যার প্রভাব দেশের সার্বিক রপ্তানির লক্ষ্যমাত্রাকে কিছুটা প্রভাবিত করতে পারে।গতকাল রোববার দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ‘কমপ্লায়েন্স ইস্যু ইন আরএমজি সেক্টর’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলা হয়।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাকক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব শুভাশীষ বসু। সেমিনারে রিসোর্স পারসনের ভূমিকা পালন করেন বিকেএমইএর দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম। বক্তব্য দেন ইপিবির মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদসহ বিকেএমইএর নেতারা।বক্তারা বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিট শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে জাহাজীকরণ বিলম্বিত হচ্ছে, মালিকপক্ষ প্রচুর লোকসানের সম্মুখীন হচ্ছে, কারখানায় কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তৃতীয় কোনো দেশ এতে লাভবান হতে পারে ও বিদেশি ক্রেতা হাতছাড়া হয়ে যেতে পারে। সরকারি-বেসরকারি উদ্যোগে এসব সমস্যার সমাধান করতে হবে।