তৈরি বৈদ্যুতিক পণ্য ও কাঁচামালে একই হারে আমদানি শুল্কে আপত্তি
প্রস্তাবিত বাজেটে আমদানি করা তৈরি বৈদ্যুতিক পণ্য এবং পণ্য তৈরির কাঁচামাল আমদানিতে একই হারে শুল্ক নির্ধারণ বাস্তবসম্মত নয়।এমন মন্তব্য করে দেশীয় বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারকেরা আমদানি করা তৈরি বৈদ্যুতিক পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক অব্যাহত রাখা এবং বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কাঁচামাল ইউরিয়া রেজিন আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশে নির্ধারণের দাবি জানিয়েছেন।রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার ‘বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প খাত: সমস্যা, সমাধান ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে উদ্যোক্তারা এসব দাবি জানান। বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ) এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন, বিইএমএমএর সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি কামাল আহামেদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।সেমিনারের প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দেশীয় শিল্পের স্বার্থে সাদা ইউরিয়া রেজিন আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার যুক্তিযুক্ত।