নীলফামারীর সৈয়দপুরের ক্ষুদ্র পোশাক কারখানা
তৈরি হচ্ছে দুই কোটি টাকার পোশাক, কাটছে ব্যস্ত সময়

একরাশ বিরক্তি তাঁর চোখে-মুখে। কথা বলতে চাইলে বললেন, সময় নেই, ঈদের পোশাক তৈরিতে হিমশিম খাচ্ছি। এমন অবস্থা চলছে নীলফামারীর সৈয়দপুর শহরে তৈরি পোশাক কারখানাগুলোতে।
কী সেলাই করছেন?—এমন কথার উত্তর যেন জানা নেই গার্মেন্টসকন্যা অনিতার। কিছুক্ষণ পর জানালেন যে দুই শিফটে কাজ চলছে, অনেক পরিশ্রম, কথা বলার ফুরসত নেই। সৈয়দপুরের ঝুট কাপড় থেকে পোশাক তৈরির কারখানাগুলোতে গত রোববার সরেজমিনে গেলে এমন ব্যস্ততাই চোখে পড়েছে।
কারখানা মালিকদের সমিতির সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদবাজার ঘিরে এবার সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলো দুই কোটি টাকার কার্যাদেশ (অর্ডার) পেয়েছে। এ জন্য অবশ্য মহাজনেরা আগাম টাকাও দিচ্ছেন কারখানার মালিকদের।
কারখানা মালিকদের সমিতির সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদবাজার ঘিরে এবার সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস কারখানাগুলো দুই কোটি টাকার কার্যাদেশ (অর্ডার) পেয়েছে। এ জন্য অবশ্য মহাজনেরা আগাম টাকাও দিচ্ছেন কারখানার মালিকদের।
সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার ক্ষুদ্র গার্মেন্টস কারখানার মালিক গোলাম রব্বানীর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা পুঁজির সংকটে আছি। ব্যাংকগুলো যদি আমাদের পাশে দাঁড়াত তাহলে ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় আমরা বিপুল পরিমাণ তৈরি পোশাক সরবরাহ করতে পারতাম।’
রব্বানী রমজান মাসের ১৫ দিন আগে থেকেই ঈদের পোশাক তৈরি শুরু করেছেন। তাঁর কারখানায় তৈরি হচ্ছে শার্ট, হাফপ্যান্ট, জিনসের প্যান্ট ইত্যাদি। এসব পোশাক যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়। এ ছাড়া কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকেও পাইকাররা আসছেন। এমনকি ঢাকার কিছু পাইকারও নিয়ে যাচ্ছেন সৈয়দপুরের তৈরি পোশাক। তিনি একাই ১৬ লাখ টাকার অর্ডার পেয়েছেন বলে জানান।
শহীদ আতিয়ার কলোনীর এন আর গার্মেন্টসের স্বত্বাধিকারী হামিদুর রহমান বলেন, ‘আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, তাই ব্যাংকগুলো আমাদের পাশে দাঁড়াচ্ছে না। যদি আমরা পুঁজিসংকট কাটিয়ে উঠতে পারতাম, তাহলে সৈয়দপুরের এই ক্ষুদ্র গার্মেন্টস খাত আরও সম্ভাবনাময় হয়ে উঠত।’
হামিদুর রহমান জানান, ‘এবারের ঈদে কেবল দেশের জন্য নয়, কলকাতার ঈদবাজার থেকে দুটি ঋণপত্রের (এলসি) বিপরীতে প্রায় ৩৫ লাখ টাকার কার্যাদেশ পেয়েছিলাম। এর ১০ হাজার পিস থ্রি কোয়ার্টার প্যান্ট এরই মধ্যে রপ্তানি হয়েছে।’
এখানকার কারখানা মালিকদের সংগঠন রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপ, সৈয়দপুরের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টসের উদ্যোক্তারা কম দামে ঢাকা থেকে ঝুট কাপড় সংগ্রহ করেন। এসব দিয়ে তৈরি হয় রকমারি তৈরি পোশাক। এবারের ঈদ বাজারে এসব পোশাকের ব্যাপক চাহিদা লক্ষ করা যাচ্ছে। কিন্তু পুঁজির অভাবে আমরা বেশি পরিমাণ পোশাক উৎপাদন করতে পারিনি।’
মতিয়ার রহমান বলেন, ‘আমরা এসএমই ফাউন্ডেশনের দেওয়া আড়াই কোটি টাকার ঋণ পেয়েছি। যা এনসিসি ব্যাংক সৈয়দপুর শাখা থেকে বিতরণ শুরু হয়েছে। ওই পুঁজি যদি রমজানের আগে আমাদের হাতে আসত তাহলে স্থানীয় গার্মেন্টস মালিকেরা উপকৃত হতেন। তবে আমরা বাইরের মহাজনদের দেওয়া কার্যাদেশের সঙ্গে নগদ অর্থ আগাম পেয়েছি। ফলে স্থানীয় ৫০০টি কারখানায় প্রচুর কাজ হয়েছে। আমরা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক দেশের বিভিন্ন জনপদে পাঠিয়েছি।’ আগামী ২৬ জুলাই পর্যন্ত সৈয়দপুরের গার্মেন্টস কারখানাগুলো খোলা থাকবে বলে জানান তিনি।
ঝুট কাপড় থেকে পোশাক তৈরি করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে নীলফামারীর সৈয়দপুরের ৫০০ পরিবার। প্রত্যেকটি পরিবারই পরিণত হয়েছে একেকটি ক্ষুদ্র পোশাক কারখানায়। সৈয়দপুরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব পোশাক কারখানা। এখানে তৈরি হয় ট্রাউজার, শর্টস, জ্যাকেট, টি-শার্ট, জিনসের প্যান্টসহ নানা ধরনের পোশাক। স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি এসব পোশাক রপ্তানি হচ্ছে ভারত, নেপাল ও ভুটানে।
সৈয়দপুরের এই ক্ষুদ্র পোশাক কারখানাগুলোকে অর্থায়নে প্রথম এগিয়ে আসে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন। এনসিসি ব্যাংকের মাধ্যমে দুই দফায় উদ্যোক্তাদের ঋণ দেয় সংস্থাটি। প্রথম দফায় ২০১১-১২ অর্থবছরে এক কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ২০১২-১৩ অর্থবছরে এক কোটি ৫৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়। আর গত মাসে তৃতীয় দফায় গত মাসে আরও আড়াই কোটি টাকার ঋণ ছাড় করেছে এসএমই ফউন্ডেশন। ব্যবসায়ীরা এই ঋণ পেয়েছেন ৯ শতাংশ সুদে।