তোবার বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি শ্রম প্রতিমন্ত্রী
তোবা গ্রুপের বন্ধ হওয়া পাঁচ কারখানার শ্রমিকদের পাওনা ক্ষতিপূরণ পরিশোধের বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সুস্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেছেন, ঈদের আগে শ্রমিকেরা যেন পাওনা পান, এ জন্য তাঁরা চেষ্টা করছেন। এ বিষয়ে কিছুদূর অগ্রগতিও হয়েছে।
আজ রোববার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মুজিবুল হকের সঙ্গে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির নেতাদের অনানুষ্ঠানিক এক বৈঠক হয়। বৈঠক শেষে সংগ্রাম কমিটির সদস্য শহীদুল ইসলাম ও জলি তালুকদার প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে এসব কথা জানান।
জলি তালুকদার বলেন, তোবার শ্রমিকদের বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি শ্রম প্রতিমন্ত্রী। তবে তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে তোবার সংকট সমাধানে সিদ্ধান্ত হতে পারে।
এর আগে আজ বেলা ১১টার দিকে তোবার শ্রমিক ও সংগ্রাম কমিটির নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা তোবার পাঁচ কারখানা অবিলম্বে খুলে দেওয়া, শ্রমিকদের বকেয়া পাওনা ২৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ ও তোবার মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিলের দাবি জানান।
এর পর পৌনে ১২টার দিকে সংগ্রাম কমিটির নেতা-কর্মীরা তোবার কারখানা খুলে দেওয়া ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোনোর চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। পরে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।