তোবার সঙ্গে অ্যাকর্ডের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানাভাবে সমালোচিত তোবা গ্রুপের তোবা গার্মেন্টসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। ঢাকার মেরুল বাড্ডার এই কারখানাটি কর্মপরিবেশ উন্নয়নে সংস্কারকাজ না করায় গত সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাকর্ড কর্তৃপক্ষ।
২০১২ সালে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ১১১ পোশাকশ্রমিক মারা যান। কারখানাটিতে নানা ধরনের নির্মাণ–সংক্রান্ত ত্রুটি ছিল। আগুন লাগার পর সতর্কঘণ্টা বাজলেও কারখানার মধ্যম পর্যায়ের কর্মকর্তা শ্রমিকদের বের হতে বাধা দেন। ২০১৪ সালের আগস্টে বাড্ডায় তোবার পাঁচ কারখানার শ্রমিকেরা বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে টানা ১১ দিন অনশন করেন।
সেই তোবা গ্রুপের আরেকটি কারখানা আছে মেরুল বাড্ডার আনন্দনগরে, তোবা গার্মেন্টস। কারখানাটিতে ২০১৪ সালে অ্যাকর্ড অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটি চিহ্নিত করতে প্রাথমিক পরিদর্শন করে। পরে বহুবার জোটের কর্মকর্তারা তাগাদা দিলেও সংস্কার কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী কাজ করেনি তোবা কর্তৃপক্ষ। ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করায় তোবা গার্মেন্টস অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ২০০-র বেশি ব্র্যান্ডের পোশাক তৈরি করতে পারবে না।
এ ছাড়া আরও পাঁচটি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে অ্যাকর্ড। এগুলো হচ্ছে মিরপুরের আনাম গার্মেন্টস ও আশুলিয়া অ্যাপারেলস, নারায়ণগঞ্জের এমএস অ্যাটায়ার, চট্টগ্রামের রিভারসাইড অ্যাপারেলস ও আশুলিয়ার রক নিটওয়্যার। হেসং গ্রুপের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে জোট। এ জন্য গ্রুপের চারটি কারখানা হেসং করপোরেশন, হেসং করপোরেশন ইউনিট-২, হেসং সোয়েটার ও হেসং নিটওয়্যার ক্ষতিগ্রস্ত হবে।