ত্রিপক্ষীয় চুক্তিকে স্বাগত জানিয়েছে অ্যালায়েন্স
আশুলিয়ার শ্রম অসন্তোষকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এ বিষয়ে গত মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে জোটটি।
মজুরি বৃদ্ধিসহ বেশ কিছু দাবি আদায়ে গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আশুলিয়ার কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। একপর্যায়ে আন্দোলন আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ে। আন্দোলন থামাতে ৫৯ কারখানা চার দিন বন্ধ রাখে বিজিএমইএ। একই সঙ্গে নয়টি মামলা করে কারখানার মালিকেরা ও পুলিশ প্রশাসন। এসব মামলায় শ্রমিকনেতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া দেড় হাজারের বেশি শ্রমিক ছাঁটাই করে কয়েকটি কারখানা।
আটক শ্রমিকনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি দেশে-বিদেশে আন্দোলন-বিক্ষোভ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সেই আন্দোলনে একাত্মতা জানিয়ে বিজিএমইএর অ্যাপারেল সামিটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্সসহ পাঁচটি ব্র্যান্ড। শেষ পর্যন্ত চাপে পড়ে বিজিএমইএর নেতারা শ্রমিকনেতাদের সঙ্গে সমঝোতা করতে উদ্যোগী হন।
গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজিএমইএ ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। সে অনুযায়ী, বরখাস্ত শ্রমিকদের শ্রম আইনানুযায়ী পাওনা পরিশোধ কিংবা পুনর্বহাল করা হবে। শ্রমিকনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা হবে।
অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি বিবৃতিতে বলেছেন, ‘সমঝোতা চুক্তির সঠিক বাস্তবায়নে আমরা উৎসাহ দিচ্ছি।’ একই সঙ্গে ভবিষ্যতের যেকোনো সমস্যা ও মতবিরোধ সব পক্ষকে নিয়ে আলোচনার টেবিলে মীমাংসা করার বিষয়ে আহ্বান জানান তিনি।
অ্যালায়েন্স বিবৃতিতে জানিয়েছে, শ্রমিকদের সংগঠন করার অধিকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে। চুক্তি অনুয়ায়ী, অ্যালায়েন্সের সদস্য প্রতিষ্ঠানের সরবরাহকারী কারখানার শ্রমিকেরা যেকোনো বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে অস্বীকৃতি জানাতে পারেন।