ত্রিপুরা মেলার মূল আকর্ষণ বাংলাদেশ
ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার এবারও মূল আকর্ষণ বাংলাদেশ। রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তর আয়োজিত এই মেলায় বাংলাদেশের ৬৪টি স্টল থাকছে। মেলা শুরু হচ্ছে ২৯ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগরতলার উপকণ্ঠে হাঁফানিয়ায় আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা চত্বরে ২৯ জানুয়ারি শুরু হবে ২৮তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। গতবারের তুলনায় এবার বাংলাদেশি স্টলের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৬৪। মেলার মূল আকর্ষণও বাংলাদেশি পণ্য। ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর সূত্রে জানা গেছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। মেলায় বাংলাদেশের একটি স্টলও থাকতে পারে। তবে আগরতলায় সদ্য উন্নীত বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে কিছু জানা যায়নি।
ত্রিপুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এল দেবনাথ জানিয়েছেন, বাংলাদেশি শিল্পপতিদের তাঁরা এবারও এই মেলায় আমন্ত্রণ জানিয়েছেন। সাড়াও পাওয়া গেছে ভালোই। ত্রিপুরায় বিনিয়োগ টানতে এই মেলা বিশেষ কার্যকর বলেও দাবি করেন তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, বাংলাদেশি উৎপাদকেরা এ রাজ্যে যত আসবেন বিনিয়োগ টানতে সুবিধা হবে ততই। প্রাক্তন শিল্প ও বাণিজ্যমন্ত্রী, বর্তমানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা শুনিয়ে দিয়ে ইন্দো-বাংলা শিল্প ও বাণিজ্য প্রসারে গুরুত্ব দেন। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের বর্তমান চেয়ারম্যান, ভারতীয় লোকসভার সদস্য জীতেন্দ্র চৌধুরীর মতে, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হলে উভয় দেশের মানুষই উপকৃত হবেন। এই মেলাকে কেন্দ্র করে এখন রাজ্য প্রশাসনে সাজ সাজ রব শুরু হয়েছে।