ত্রিপুরা রাজ্যে ধর্মঘটে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ডিজেল, কেরোসিন তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বামফ্রন্টের ডাকা ধর্মঘটের (বন্ধ) কারণে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে বন্দরে দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী দুটি ট্রেইলারও আটকে আছে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাথর, সিমেন্ট, চিটাগুড়, প্লাস্টিকসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই দুই শতাধিক ট্রাক বন্দরে আটকা পড়েছে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী দুটি ট্রেইলার আটকা পড়েছে। এগুলো চলাচলের বিকল্প সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রায় ১৭ দিন রাস্তায় আটকে ছিল। সোমবার সকালে তা বন্দরে এলেও ধর্মঘটের কারণে আটকে আছে।