ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় যোগ দিয়েছে বাংলাদেশ
২০তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় যোগ দিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগরতলায় গেছে।গতকাল শনিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিনিধিদলটি ত্রিপুরার রাজধানী আগরতলায় যায়। আগরতলার শিশু উদ্যানে গতকাল বিকেলে এ মেলার উদ্বোধন হয়।জানা গেছে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। এতে বাংলাদেশি তাঁত, পাটপণ্য, জামদানি শাড়ি, মেলামিন, প্লাস্টিকসামগ্রী ও কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। এফবিসিসিআই প্রতিনিধিদলটি দেশত্যাগের প্রাক্কালে আখাউড়ায় এ তথ্য জানায়।ব্যবসায়ী প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ভারত-বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি মাতলুব আহমাদ। প্রতিনিধিদলে আরও রয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক আনোয়ার হোসাইন ও মাহবুব ইসলাম এবং সদস্য মোনায়েম খান। আখাউড়া স্থলবন্দরে মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, এ মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। তিনি বলেন, ত্রিপুরা ও আশপাশের সাতটি রাজ্য এখন বাংলাদেশি শতাধিক পণ্যের একটি বড় বাজার। এসব রাজ্যে কীভাবে আরও নতুন পণ্যের বাজার তৈরি করা যায়, সেদিকে খেয়াল রেখেই কাজ চলছে। তিনি আরও জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হকও যোগ দিচ্ছেন।