ত্রিপুরায় চাল যাবে আজ

আজ বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় চাল যাবে। গতকাল বুধবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করা জাহাজ থেকে কাভার্ড ভ্যানে চালের বস্তা ওঠানো শুরু হয়েছে। আজ প্রথম দিন ১৬টি ভ্যানে প্রায় ২৮৮ টন চাল যাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রায় ২৩ হাজার টন চাল নিয়ে এমভি অভি নামের জাহাজটি আশুগঞ্জে ভেড়ে। গতকাল বুধবার বেলা দুইটা পর্যন্ত প্রায় ছয়টি কাভার্ড ভ্যানে চাল ভর্তি করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সরকারি ছুটির দিন হলেও আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে। তাই ভারতীয় চালভর্তি কাভার্ড ভ্যান সীমান্ত পারাপারে অসুবিধা হবে না।
এদিকে, ভারতীয় চালবোঝাই জাহাজটি চাল খালাসের সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে যখন জাহাজ থেকে কাভার্ড ভ্যানে চাল ওঠানো হয়, তখন কোনো নিরাপত্তাকর্মীকে দেখা যায়নি। এমনকি আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কপথে চাল পরিবহনের সময়ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি প্রহরার বিষয়টি এখনো অনিশ্চিত।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিবহনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পক্ষে ভারতীয় চালবোঝাই জাহাজ, চাল খালাস করা এবং আখাউড়া পর্যন্ত সড়কপথে পরিবহনের সময় নিরাপত্তার প্রয়োজনের কথা জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে প্রতিবারই এ পথে ভারতীয় পণ্যবাহী ট্রাক আগরতলায় যাওয়ার সময় সড়কপথে পুলিশি প্রহরা দেওয়া হয়েছে।
কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া পর্যন্ত ভারতীয় চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। তবে আনবিস লিমিটেড আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চাল পরিবহনের উপঠিকাদারি আশুগঞ্জের মেসার্স বিসিসিকে দিয়েছে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, আমরা পরিবহনের দায়িত্ব নিয়েছি। নিরাপত্তার বিষয়টি সরকারের।
১৮ জুন থেকে কলকাতা-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা পথে মাশুল নিয়ে নিয়মিত ট্রানজিট শুরু হয়েছে। সেই চালানের কোনো পণ্য বেলা একটার পর নেয়নি আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ। যুক্তি ছিল, একটার পর ট্রাক সীমান্ত পেরিয়ে আগরতলায় পৌঁছালে তা দিনে দিনে ফেরত আসতে পারবে না। তাই সে সময় প্রায় প্রতিদিনই ট্রানজিটের পণ্যবোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে থাকতে দেখা গেছে। তাই গতকাল বুধবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দরে ট্রাকে চাল বোঝাই হলেও আখাউড়ার উদ্দেশে ট্রাকগুলো আশুগঞ্জ ছেড়ে আসেনি।
বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ভারতের এক অংশ থেকে অন্য অংশে এ চাল যাচ্ছে বিনা মাশুলে। ২০১৪ সালে মানবিক বিবেচনায় মাশুল ছাড়াই বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে এ পথে মোট ৩৫ হাজার টন চাল পরিবহনের অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। ২০১৫ সাল পর্যন্ত ২০ হাজার টন চাল গেছে ত্রিপুরায়। গত মঙ্গলবার আরও এসেছে ২৩ হাজার টন চাল।