ত্রিপুরার সঙ্গে চারটি সীমান্ত হাট চালুর প্রক্রিয়া শুরু
ত্রিপুরার বাংলাদেশ-ভারত সীমান্তে গড়ে তোলা হচ্ছে চারটি সীমান্ত হাট।দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ত্রিপুরার রাজ্যসরকার এই উদ্যোগ নেয়। তবে রাজ্যসরকার সাতটি সীমান্ত হাট খোলার প্রস্তাব দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে। একই প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশকেও। ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী সমপ্রতি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমপ্রতি ত্রিপুরা সরকারকে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার চারটি সীমান্ত হাট চালু করার ব্যাপারে অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী এসব সীমান্ত হাট খোলা হবে ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাগনা, বিশালগড় মহকুমার কমলপুর ও কসবা এবং সাব্রুম মহকুমার শ্রীনগরে।উল্লেখ্য, অতীতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশ সীমান্তে চালু ছিল সীমান্ত হাট। তখন এসব হাট সীমান্তের দুই পারের মানুষের কাছেই বেশ জনপ্রিয় ছিল। কিন্তু গত চার দশকেরও বেশি সময় সীমান্ত হাট বন্ধ থাকার প্রেক্ষাপটে নতুন করে সীমান্ত হাট চালুর উদ্যোগ নেয় দুই দেশ। মেঘালয়ের ভারত ও বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগে চালু করা হয় প্রথম সীমান্ত হাটটি। বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের বণিক সমিতিগুলোও অনেক দিন ধরে সীমান্ত হাট চালুর দাবি জানিয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবিত সীমান্ত হাটগুলো চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকাঠামোগত কাজ শুরু করত চলেছে বলে রাজ্যসরকারকে জানানো হয়েছে।ত্রিপুরা সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।