ত্রিপুরায় আজ যাচ্ছে না ট্রানজিট পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার ট্রানজিটের পণ্য যাচ্ছে না ত্রিপুরায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে জাহাজ থেকে পণ্য উঠিয়ে ট্রাকে ভর্তি করার ক্রেনের সমস্যার কারণে আজ এই বিপত্তি ঘটেছে। গতকাল সোমবার ট্রাক পেতে সমস্যা হওয়ায় মাত্র একটি ট্রাকে করে ১৮ মেট্রিক টন পণ্য গেছে ত্রিপুরায়।


আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে একটি ট্রাকে কিছু পণ্য তোলা হয়েছে। আরও কয়েকটি ট্রাক জেটির সামনে রাখা আছে। জাহাজ থেকে পণ্য উঠিয়ে ট্রাকে তোলার ক্রেন সমস্যার কারণে পণ্য খালাসেও গতি আসছে না।

বুধবার এমভি নিউটেক নামের একটি জাহাজ ভারতের কলকাতা থেকে এক হাজার টন স্টিল সিট বা রডজাতীয় পণ্য নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছে। পরদিন বৃহস্পতিবার জাহাজ থেকে এই পণ্য ওঠানোর মধ্য দিয়ে নিয়মিত ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দুই দিন পর রোববার বিকেলে চারটি ট্রাকে করে ৮৪ মেট্রিক টন সিট বা রড পৌঁছে ত্রিপুরায়।