ত্রিপুরায় গেল ট্রানজিটের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করছে চালবাহী ট্রাক। গতকাল এ ধরনের ১৫টি ট্রাক গেছে ত্রিপুরায়। ছবিটি আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখা থেকে তোলা l দুলাল ঘোষ
বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করছে চালবাহী ট্রাক। গতকাল এ ধরনের ১৫টি ট্রাক গেছে ত্রিপুরায়। ছবিটি আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখা থেকে তোলা l দুলাল ঘোষ

বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ট্রানজিটের চালের চালান ত্রিপুরার রাজধানী আগরতলায় গেছে। গতকাল বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল নিয়ে ১৫টি কাভার্ড ভ্যান বা পুরো আচ্ছাদিত ট্রাক আগরতলায় প্রবেশ করেছে। শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার দিকে একে একে চালবাহী ট্রাকগুলো সীমান্তরেখা অতিক্রম করে আগরতলায় যায়। এর আগে সকালেই আশুগঞ্জ থেকে সড়কপথে এসব ট্রাক আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। প্রথম দিনে প্রায় ২৭৩ টন চাল গেছে।
গত মঙ্গলবার বিকেলে এমভি অভি নামের জাহাজটি কলকাতা থেকে চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে। জাহাজটি ১৫ আগস্ট কলকাতা থেকে ছেড়ে আসে। এই জাহাজে প্রায় ২ হাজার ৩০০ টন চাল আছে। এরপর আশুগঞ্জ নৌবন্দরে বুধবার সারা দিন এই জাহাজ থেকে চালের বস্তা খালাস করে ট্রাকে তোলা হয়। গতকাল সরকারি ছুটির দিনেই ভারতের এই চাল যাওয়া শুরু হলো। তবে আজ শুক্রবার আখাউড়া স্থলবন্দর সাপ্তাহিক বন্ধ। এই দিন আমদানি-রপ্তানি হয় না। আগামীকাল শনিবার থেকে আবার চাল যাবে আগরতলায়।
ত্রিপুরার আগরতলা অংশে চাল পরিবহনের দায়িত্বে আছেন ডারসেল লজিস্টিক লিমিটেডের আগরতলা শাখা ব্যবস্থাপক সুজিত রায়। তিনি আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় প্রথম আলোকে বলেন, বন্দরের সীমানা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে নন্দননগরে অবস্থিত খাদ্যগুদামে এই চাল রাখা হবে। আর বাংলাদেশি ট্রাকগুলো সেখানে গিয়ে চাল খালাস করে আসবে। দিনে দিনেই কাজটি শেষ করতে হবে।
এদিকে, গতকাল সকাল সাড়ে আটটার মধ্যেই আখাউড়া স্থলবন্দরে পৌঁছে যায় চালবোঝাই ট্রাকগুলো। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কপথে এর আগে প্রতিবারই ট্রানজিটের পণ্যবাহী ট্রাক পুলিশি প্রহরায় যেত। এবার তা হয়নি। পুলিশি প্রহরা ছাড়াই এবার প্রায় ৪৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে চালবাহী ট্রাকগুলো।
চাল বহনকারী ট্রাকচালক মো. নয়ন মিয়া বলেন, ‘শুনেছি রাস্তায় পুলিশ পাহারায় গাড়ি আসবে। কিন্তু আখাউড়া পর্যন্ত কোনো পাহারাই ছিল না। তবে আসতে তেমন কেনো ভোগান্তি পোহাতে হয়নি।’
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, আশুগঞ্জ নৌবন্দরে কাভার্ড ভ্যানে চালের বস্তা তোলার পর শুল্ক কর্তৃপক্ষ সিলগালা করে দেয়। আখাউড়া স্থলবন্দরে ওই সিলগালা ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়। একই সঙ্গে চালক ও সহকারী চালকের কার পাস (১২ ঘণ্টা ভারতে অবস্থানের অনুমতি) পরীক্ষা করে এসব পণ্যবাহী ট্রাককে সীমান্ত অতিক্রম করে আগরতলায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। বিনা মাশুলে এই চালের চালান যাচ্ছে। তাই এর বাইরে শুল্ক বিভাগের কোনো কাজ নেই।
বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ভারতের এক অংশ থেকে অন্য অংশে এ চাল যাচ্ছে বিনা মাশুলে। ২০১৪ সালে মানবিক বিবেচনায় মাশুল ছাড়াই বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে এ পথে মোট ৩৫ হাজার টন চাল পরিবহনের অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। ২০১৫ সাল পর্যন্ত ২০ হাজার টন চাল গেছে ত্রিপুরায়। মঙ্গলবার আসা প্রায় ২ হাজার ৩০০ টন চাল যাওয়া শুরু হয়েছে গতকাল থেকে।