ত্রিপুরায় গড়ে তোলা হচ্ছে ভারতের প্রথম বাঁশ উদ্যান
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ব্যাম্বো পার্ক বা বাঁশ উদ্যান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে দেশের প্রথম পরিকল্পিত বাঁশ উদ্যান। এই উদ্যানে নানা জাতের বাঁশ ও বিভিন্ন ধরনের বাঁশজাত পণ্য উৎপাদন করা হবে। সেখান থেকে বাঁশজাত পণ্য দেশে বাজারজাত করার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে ।ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৫ কিলোমিটার দূরে রাধাকিশোর নগরে প্রায় ৭০ একর জায়গাজুড়ে এই ব্যাম্বো পার্ক বা বাঁশের উদ্যানটি গড়ে তোলা হবে। সম্প্রতি এই উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই বাঁশ উদ্যানের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ত্রিপুরার শিল্প, বাণিজ্য ও বনমন্ত্রী জীতেন চৌধুরী।জানা গেছে, বিশ্বে মোট এক হাজার ২৫০ ধরনের বাঁশ থাকলেও ভারতে রয়েছে ১৪৫ ধরনের। এর মধ্যে উত্তর-পূর্ব ভারতে উৎপাদন হয় ৪০ ধরনের বাঁশ। ত্রিপুরায় পাওয়া যায় ২৫ ধরনের বাঁশ। এসব বাঁশের উৎপাদনও হয় প্রচুর। আর ত্রিপুরার এই বাঁশ ‘সবুজ সোনা’ নামে পরিচিত। ভারতে মোট বাঁশবাগান আছে এক কোটি তিন লাখ (১০.০৩ মিলিয়ন) হেক্টর জমিতে। যা দেশের মোট বনভূমির ১২.৮ শতাংশ। এসব বাঁশবাগানের আবার ২৮ শতাংশই রয়েছে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। ভারতে প্রতিবছর বাঁশ উৎপাদন হয় এক কোটি ৩৬ লাখ ৭০ হাজার টন। এর মধ্যে ত্রিপুরায় উৎপাদন হয় ১৫ লাখ টন।জীতেন চৌধুরী জানান, ত্রিপুরায় নতুন এই ব্যাম্বো পার্ক বা বাঁশ উদ্যান গড়ে তোলা হলে সরাসরি কর্মসংস্থান হবে এক হাজার ৭৩০ জনের। আর পরোক্ষভাবে কর্মের সুযোগ মিলবে ১০ হাজার মানুষের।